Logo

প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ এপ্রিল, ২০২৬, ১২:৪০
প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের প্রাথমিক শিক্ষাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি অর্থবছরেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) সকালে সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। অধিবেশনের ১১তম দিনের সকালের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

একজন সংসদ সদস্য সরকারের শিক্ষা খাতের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাকে জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে। একটি আধুনিক, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে নানা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে শিক্ষা খাতে ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত করে কাজ চলছে।

বিজ্ঞাপন

তিনি জানান, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ ধীরে ধীরে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কর্মসূচিও সেই উদ্যোগের অংশ।

সরকার ভবিষ্যতে এই কর্মসূচি দেশের সব উপজেলায় বিস্তৃত করার পরিকল্পনা করছে বলেও জানান তিনি। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণে পর্যায়ক্রমে সব উপজেলায় স্কুল ফিডিং বা মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে।

শিক্ষাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে আরও নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের উদ্যোগ রয়েছে। এছাড়া ডিজিটাল বৈষম্য কমাতে দেশের ১৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সংযোগ দেওয়া হবে এবং প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য আলাদা ডিজিটাল পরিচয়পত্র বা ‘এডু-আইডি’ চালু করা হবে।

বিজ্ঞাপন

সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে মাধ্যমিক পর্যায়ে তা বাধ্যতামূলক করার পরিকল্পনাও নিয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের অংশ হিসেবে আগামী ১৮০ দিনের মধ্যে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। একইসঙ্গে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং কারিগরি কোর্স সংযোজন করা হবে।

বিজ্ঞাপন

এছাড়া তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং এবং ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD