Logo

সরকারি অর্থায়নে এখনো ভবন পায়নি ৪ হাজার ৫৯ শিক্ষা প্রতিষ্ঠান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ এপ্রিল, ২০২৬, ১৩:৪২
সরকারি অর্থায়নে এখনো ভবন পায়নি ৪ হাজার ৫৯ শিক্ষা প্রতিষ্ঠান
ছবি: সংগৃহীত

দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে অবকাঠামোগত ঘাটতির একটি চিত্র তুলে ধরে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারি অর্থায়নে এখনো ৪ হাজার ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। জাতীয় সংসদে লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে এ সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। এদিন সকালের অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে মোট ২৪ হাজার ৩২০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠান এখনো সরকারি অর্থায়নে স্থায়ী ভবন সুবিধা পায়নি।

বিজ্ঞাপন

তিনি বলেন, শিক্ষা খাতে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার ধাপে ধাপে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান এখনো ভবন সুবিধা থেকে বঞ্চিত, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।

তবে একাধিক ভবন একই সঙ্গে একটি নির্দিষ্ট উপজেলায় নির্মাণের কোনো পরিকল্পনা বর্তমানে নেই বলেও জানান মন্ত্রী। পরিবর্তে সমগ্র দেশের উন্নয়ন ভারসাম্য বজায় রাখতে একটি পরিকল্পিত কাঠামোর আওতায় কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

চলতি অর্থবছরের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি সংসদীয় আসনে একটি করে স্কুল, একটি কলেজ এবং একটি বেসরকারি মাদ্রাসা অথবা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা খাতে অবকাঠামো উন্নয়নের এই উদ্যোগকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল। সরকারের দাবি, ধারাবাহিকভাবে এসব প্রকল্প বাস্তবায়ন হলে পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানকে উপযুক্ত অবকাঠামোর আওতায় আনা সম্ভব হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD