Logo

সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হচ্ছে ফ্রি ওয়াই-ফাই

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ এপ্রিল, ২০২৬, ১৪:২১
সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হচ্ছে ফ্রি ওয়াই-ফাই
ছবি: সংগৃহীত

দেশজুড়ে কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল সুবিধার আওতায় আনতে বড় পদক্ষেপ নিচ্ছে সরকার। আগামী ছয় মাসের মধ্যেই ১০ হাজার ৫৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সংযোগ চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী জানান, দেশের কারিগরি শিক্ষার প্রসার ও আধুনিকায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ রয়েছে। একইসঙ্গে ১৮০ দিনের মধ্যে ২ হাজার ৩৩৬টি কারিগরি এবং ৮ হাজার ২৩২টি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মাদরাসা শিক্ষাকে সময়োপযোগী করতে স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ এবং পাঠ্যক্রমে কারিগরি বিষয় অন্তর্ভুক্তির পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতেও উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় ‘স্কুল ফিডিং’ বা মিড-ডে মিল চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মকে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের কাজও এগিয়ে নেওয়া হবে।

ডিজিটাল বৈষম্য কমাতে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ প্রায় দেড় হাজার প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ দেওয়ার উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী। এছাড়া শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আলাদা ডিজিটাল পরিচয় ‘এডু-আইডি’ চালুর পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আইসিটি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিভিন্ন আধুনিক বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাগ্রিকালচার ইনটেলিজেন্স, সাইবার সিকিউরিটি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট (ফ্লাটার), পাইথন প্রোগ্রামিং এবং ওয়েবভিত্তিক ডিজিটাল মার্কেটিং।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD