গণিত পরীক্ষা শুরুর পাঁচ মিনিট পরই কেড়ে নেওয়া হলো ক্যালকুলেটর

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি গণিত পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। নির্ধারিত নিয়ম থাকা সত্ত্বেও পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর ক্যালকুলেটর নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৩ মে) অনুষ্ঠিত গণিত পরীক্ষায় অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী জানান, পরীক্ষার শুরুতে তারা নিয়ম অনুযায়ী ক্যালকুলেটর ব্যবহার করছিলেন। তবে পরীক্ষা শুরু হওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় দায়িত্বপ্রাপ্ত পরীক্ষকরা তাদের কাছ থেকে ক্যালকুলেটর কেড়ে নেন। এতে জটিল গাণিতিক হিসাব করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্নপত্র সম্পন্ন করতে হিমশিম খান।
পরীক্ষার্থীদের দাবি, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী গণিত পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি রয়েছে। সেই সুযোগ থেকে হঠাৎ বঞ্চিত হওয়ায় তাদের মানসিক চাপ ও ভোগান্তি বেড়ে যায়। তারা দ্রুত এ বিষয়ে যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
ঘটনার বিষয়ে কেন্দ্রের হল সুপার মো. কামরুজ্জামান জানান, পরীক্ষা শুরুর প্রায় ২৩ মিনিট পর কেন্দ্রের ট্যাগ অফিসার ও সহকারী কৃষি কর্মকর্তা বরুন কুমার রায় পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার বন্ধ রাখতে নির্দেশ দেন। তার নির্দেশনা অনুযায়ী ক্যালকুলেটর সরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে ট্যাগ অফিসার বরুন কুমার রায়ের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বিজ্ঞাপন
জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা আক্তার বলেন, ক্যালকুলেটর ব্যবহার বন্ধের সিদ্ধান্ত কী কারণে নেওয়া হয়েছে, তা তাদের কাছে স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম জানিয়েছেন, ক্যালকুলেটর ব্যবহার নিয়ে সৃষ্ট পরিস্থিতি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে শিক্ষা বোর্ডের সঙ্গে পরামর্শ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।








