Logo

উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সরকারের নতুন নির্দেশনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ মে, ২০২৬, ১২:১১
উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সরকারের নতুন নির্দেশনা
ফাইল ছবি।

৬ষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও প্রেরণ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। বিশেষ করে যেসব শিক্ষার্থীর বাবা-মায়ের মৃত্যু বা বিবাহ বিচ্ছেদের কারণে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এইচএসপি-এমআইএস সফটওয়্যারে সংযুক্ত করা যাচ্ছে না, তাদের আলাদাভাবে চিহ্নিত করে তথ্য পাঠাতে বলা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ৭ মে’র মধ্যে এসব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৩ মে) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ট্রাস্টের অধীনে পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ৬ষ্ঠ, একাদশ ও সমমান শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার লক্ষ্যে এইচএসপি-এমআইএস সফটওয়্যারে তথ্য অন্তর্ভুক্তির কাজ চলছে। তবে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিছু শিক্ষার্থীর বাবা বা মা মারা গেছেন, আবার কারও ক্ষেত্রে উভয় অভিভাবকই মৃত অথবা বাবা-মায়ের বিচ্ছেদের কারণে প্রয়োজনীয় এনআইডি নম্বর প্রদান করা সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন

এ অবস্থায়, যেসব শিক্ষার্থীর ক্ষেত্রে শুধু বাবা জীবিত, শুধু মা জীবিত, কেউই জীবিত নেই অথবা বিবাহ বিচ্ছেদের কারণে বাবা-মায়ের এনআইডি দেওয়া যাচ্ছে না—তাদের আলাদা করে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উপজেলা অথবা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এসব শিক্ষার্থীর তথ্য পাঠাতে বলা হয়েছে। নির্ধারিত ছকে শ্রেণি, প্রতিষ্ঠানের নাম, শিক্ষার্থীর সংখ্যা, বাবা-মায়ের মৃত্যুজনিত কারণে এনআইডি না থাকা শিক্ষার্থীর সংখ্যা এবং বিবাহ বিচ্ছেদের কারণে এনআইডি দ না থাকা শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করতে হবে। এর সঙ্গে সংশ্লিষ্ট উপজেলার নাম ও শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরও দিতে হবে।

বিজ্ঞাপন

চিঠিতে আরও জানানো হয়, নির্দেশিত তথ্য অবশ্যই আগামী ৭ মে’র মধ্যে পাঠাতে হবে। বিষয়টিকে ‘অতি জরুরি’ হিসেবে বিবেচনা করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD