Logo

৭ম দিনের এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ২০ হাজার পরীক্ষার্থী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ মে, ২০২৬, ১৯:৫১
৭ম দিনের এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ২০ হাজার পরীক্ষার্থী
ছবি: সংগৃহীত

সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সপ্তম দিনের এসএসসি ও সমমান পরীক্ষা। মঙ্গলবার (৫ মে) অনুষ্ঠিত এই পরীক্ষায় ১১টি শিক্ষাবোর্ডের অধীনে মোট ২০ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে ৯টি সাধারণ বোর্ডে ৩ হাজার ৪৬৫ জন, মাদরাসা বোর্ডে ১৩ হাজার ৮৩৩ জন এবং কারিগরি বোর্ডে ৩ হাজার ৩০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে সারা দেশে মোট ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, যার মধ্যে মাদরাসা বোর্ডেই ৭ জন।

বিজ্ঞাপন

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এদিন ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব বোর্ডে মোট ৫ লাখ ১৩ হাজার ৬১২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেন ৫ লাখ ১০ হাজার ১৪৭ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪৬৫ জন, যা মোট পরীক্ষার্থীর ০ দশমিক ৬৭ শতাংশ।

বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বাধিক ৮২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া রাজশাহীতে ৭৪৩ জন, দিনাজপুরে ৫৯১ জন, ময়মনসিংহে ৩১২ জন, কুমিল্লায় ৩১১ জন, যশোরে ২৪৯ জন, বরিশালে ১৯৭ জন, চট্টগ্রামে ১২৩ জন এবং সিলেটে ১১৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।

বিজ্ঞাপন

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে চট্টগ্রাম বোর্ডে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে বাকি আটটি বোর্ডে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।

অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এদিন ‘ইংরেজি প্রথম পত্র’ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ লাখ ৫৮ হাজার ৫৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ লাখ ৪৪ হাজার ২২১ জন। অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ৮৩৩ জন, যা শতকরা হিসেবে ৫ দশমিক ৩৬ শতাংশ। এই বোর্ডে নিয়ম ভঙ্গের কারণে সর্বোচ্চ ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ‘আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ’ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১২ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৩০৬ জন, যা ২ দশমিক ৮৪ শতাংশ। তবে এ বোর্ডে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD