নতুন নীতিমালা জারি : সর্বোচ্চ ৩ বার বদলি হতে পারবেন শিক্ষকরা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় নতুন নীতিমালা চালু করেছে সরকার। এতে বদলির সুযোগ সীমিত করে নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করা হয়েছে, যা শিক্ষকদের চাকরিজীবনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
বুধবার (৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এই সংশোধিত নীতিমালার ঘোষণা দেওয়া হয়। অতিরিক্ত সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত ওই পরিপত্রে বদলির নতুন কাঠামো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, একজন শিক্ষক তার পুরো চাকরিজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন। একই সঙ্গে বদলি প্রক্রিয়ায় কিছু সময়সীমা নির্ধারণ করা হয়েছে। চাকরির প্রথম দুই বছরের মধ্যে কোনো শিক্ষক বদলির জন্য আবেদন করতে পারবেন না। আবার একবার বদলি হওয়ার পর পরবর্তী দুই বছরেও নতুন করে বদলির আবেদন গ্রহণ করা হবে না।
বিজ্ঞাপন
নীতিমালাটি এর আগেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের অনুমোদন পেয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বদলি প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে এই পরিবর্তন আনা হয়েছে।
বিজ্ঞাপন
মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, নতুন নীতিমালাটি ইতোমধ্যে জারি করা হলেও তা অনলাইনে প্রকাশের কাজ চলমান রয়েছে। খুব শিগগিরই এটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উন্মুক্ত করা হবে, যাতে শিক্ষকরা সহজেই নিয়মগুলো সম্পর্কে জানতে পারেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই নীতিমালা বাস্তবায়িত হলে বদলি প্রক্রিয়ায় অনিয়ম কমবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক স্থিতিশীলতা বাড়বে। তবে একই সঙ্গে বদলির সুযোগ সীমিত হওয়ায় কিছু শিক্ষক অসুবিধার মুখেও পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।








