Logo

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই, ২০২৬, ১৬:৩৬
বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন | ফাইল ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বৈরী আবহাওয়ার মধ্যে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিজ্ঞাপন

তিনি জানিয়েছেন, দেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট এলাকার পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হবে।

রবিবার (১২ জুলাই) রাজধানীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার প্রতিনিয়ত আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিভিন্ন জেলার প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছ থেকেও মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোথাও পরীক্ষা নেওয়ার মতো পরিবেশ না থাকলে সেই এলাকার পরীক্ষা স্থগিত করা হবে।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বার্থই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি বা জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানো কঠিন হলে বাস্তব পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কারণ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলেও ভারী বৃষ্টিপাত হয়েছে। সর্বশেষ তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট উপদেষ্টা, সচিব এবং দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে আবারও বৈঠক করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী জানান, যেসব এলাকায় আবহাওয়ার কারণে পরীক্ষা পেছাতে হতে পারে, সেসব পরীক্ষার জন্য বিকল্প সময়সূচিও প্রস্তুত রাখছে শিক্ষা মন্ত্রণালয়। স্থগিত হওয়া পরীক্ষাগুলো পরবর্তীতে কীভাবে নেওয়া হবে, সে বিষয়েও পরিকল্পনা করা হচ্ছে।

তিনি বলেন, প্রতিটি শিক্ষা বোর্ডের সঙ্গে নিয়মিত সমন্বয় করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তন হলে দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে, যাতে শিক্ষার্থী ও অভিভাবকরা আগেভাগেই প্রস্তুতি নিতে পারেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে এদিন ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলও প্রকাশ করা হয়। এতে সারাদেশে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি অর্জন করেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র রয়েছে ৩৫ হাজার ৮৯২ জন, যা মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর ৪৫ দশমিক ২৯ শতাংশ। অন্যদিকে ছাত্রী রয়েছে ৪৩ হাজার ৩৫৪ জন, যা মোট বৃত্তিপ্রাপ্তদের ৫৪ দশমিক ৭১ শতাংশ।

মন্ত্রী জানান, ফলাফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরপরই অনলাইনে আপলোডের কাজ শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পুরো ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করতে প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে। এরপর পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলার শিক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন।

বিজ্ঞাপন

এদিকে টেলিটকের পক্ষ থেকেও ফল জানার পদ্ধতি জানানো হয়েছে। শিক্ষার্থীরা মোবাইলের এসএমএস অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে নিজের রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় বৃত্তির ফল জানতে পারবেন।

দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ অব্যাহত থাকায় এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া পরিস্থিতির ওপর ভিত্তি করেই প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো শিক্ষার্থীর নিরাপত্তা বা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বিঘ্নিত হয়—এমন পরিস্থিতি তৈরি হলে সংশ্লিষ্ট এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার প্রস্তুত রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD