আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৯ হাজার, বহিষ্কার ৩০ শিক্ষার্থী

দেশজুড়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ১৪তম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ও বিকেলের দুই শিফট মিলিয়ে মোট ২৯ হাজার ৪৩৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। একই দিনে নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে বিভিন্ন শিক্ষা বোর্ডে ৩০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে কোনো পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।
বিজ্ঞাপন
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং একটি কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ৯ লাখ ৩০ হাজার ৩১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ লাখ ৮৭৫ জন পরীক্ষায় অংশ নেয়। সার্বিক অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৭৪ শতাংশ।
সকালের শিফটে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অসদুপায় অবলম্বনের দায়ে ১৯ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এবং তাজবিদ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বোর্ডে ৮৩ হাজার ৮৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৮ হাজার ১২১ জন অংশ নেয়, অনুপস্থিত ছিল ৫ হাজার ৭৫০ জন। নকলের দায়ে এখানে ১১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-২ বিষয়ের পরীক্ষায় ৪৩ হাজার ৫১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১ হাজার ৮২৯ জন অংশ নেয়। অনুপস্থিত ছিল ১ হাজার ৬৮৩ জন। তবে এ বোর্ডে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
বিকেলের শিফটে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৯ জন অংশ নেয় এবং তিনজন অনুপস্থিত ছিল। অনুপস্থিত তিন পরীক্ষার্থীই ঢাকা শিক্ষা বোর্ডের অধীন। এ শিফটে ঢাকা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম ও বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হলেও কুমিল্লা, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে বিকেলে কোনো পরীক্ষা ছিল না।








