Logo

ডিপ্লোমা শিক্ষার্থীদের পুনঃভর্তির সুযোগ দিলো কারিগরি শিক্ষা বোর্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর, ২০২৬, ১৪:৪১
ডিপ্লোমা শিক্ষার্থীদের পুনঃভর্তির সুযোগ দিলো কারিগরি শিক্ষা বোর্ড
ছবি: সংগৃহীত

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বের শিক্ষার্থীদের পুনঃভর্তির সুযোগ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জানিয়ে বোর্ডের অধীন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনঃভর্তির প্রয়োজন রয়েছে এমন শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট প্রবিধান অনুযায়ী যাচাই-বাছাই করতে হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য পাঠাতে হবে।

সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা ৫ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত পুনঃভর্তির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ৬ অক্টোবর থেকে ১২ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে পাঠাতে হবে।

অনলাইনে পাঠানো তথ্যের প্রিন্ট কপি, প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষর করা ফরওয়ার্ডিং, প্রয়োজনীয় কাগজপত্র এবং ফি জমার ব্যাংক ড্রাফট ৬ অক্টোবর থেকে ১৯ নভেম্বরের মধ্যে বোর্ডে জমা দিতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী অনিমেশ পাল জানান, পুনঃভর্তি ফি শিক্ষার্থীপ্রতি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ অর্থ ‘সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড’-এর অনুকূলে ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।

পুনঃভর্তির আবেদনের সঙ্গে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড, সর্বশেষ পর্বের প্রবেশপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে সাময়িকভাবে অধ্যয়নের অনুমতিপত্রও সংযুক্ত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো শিক্ষার্থীর বাস্তবে পুনঃভর্তির প্রয়োজন না থাকা সত্ত্বেও তার তথ্য অনলাইনে পাঠানো হলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। নির্ধারিত সময়ের পর কোনো পুনঃভর্তির আবেদন সুপারিশ করে বোর্ডে পাঠানো যাবে না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD