Logo

রাত পোহালেই বিয়ের মঞ্চে বিজয়–রাশমিকা!

profile picture
বিনোদন ডেস্ক
১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৫৭
রাত পোহালেই বিয়ের মঞ্চে বিজয়–রাশমিকা!
ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের বহুল আলোচিত দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানার সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের জল্পনা যেন নতুন মোড় নিয়েছে। শোবিজ অঙ্গনে ছড়িয়ে পড়েছে খবর—এই তারকা জুটি নাকি খুব শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।

বিজ্ঞাপন

বিভিন্ন সূত্রে জানা গেছে, রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহ্যবাহী রাজপ্রাসাদে সোমবার (২ ফেব্রুয়ারি) তাদের বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো মুখ খোলেননি এই দুই তারকা।

গত কয়েকদিন ধরেই বিনোদন দুনিয়ায় তাদের বিয়ের গুঞ্জন নিয়ে আলোচনা তুঙ্গে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজনের প্রস্তুতি চলছে। লাল ভেলভেট কাপড়, বর্ণিল ফুল এবং নকশাদার পিতলের সামগ্রী দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানস্থল। ভিডিওটি ধারণ করেছেন ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের এক সদস্য বলে জানা গেছে। সেখানে বিয়ের অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি চলতে দেখা যায়।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ১ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে বিয়ের প্রাক-অনুষ্ঠান। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মেহেদি, সংগীত ও ককটেল পার্টির আয়োজন করা হয়। এরপর সোমবার মূল বিয়ের অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন জীবনে পা রাখবেন এই জনপ্রিয় জুটি—এমনটাই শোনা যাচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থেকেছেন তারা। তাই বিয়ের এই খবরে আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষায় আছেন অনুরাগীরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD