Logo

একসঙ্গে পুত্র-কন্যা সন্তানের বাবা হলেন রাম চরণ

profile picture
বিনোদন ডেস্ক
১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৩৬
একসঙ্গে পুত্র-কন্যা সন্তানের বাবা হলেন রাম চরণ
ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার রাম চরণ ও তার স্ত্রী উপাসনা কোণিদেলার জীবনে এসেছে আনন্দের নতুন অধ্যায়। এই তারকা দম্পতির ঘরে জন্ম নিয়েছে এক ছেলে ও এক মেয়ে। যমজ সন্তানের আগমনে পরিবারজুড়ে বইছে খুশির জোয়ার।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন রাম চরণের বাবা, কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, মা ও দুই নবজাতক—তিনজনই সুস্থ আছেন। তিনি লেখেন, যমজ সন্তানের আগমনে পরিবারে দ্বিগুণ আনন্দ এসেছে। এ সময় তিনি সবার দোয়া, ভালোবাসা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা জানান। পোস্টটিতে চিরঞ্জীবী ও তার স্ত্রী সুরেখার যৌথ স্বাক্ষরও ছিল।

চিরঞ্জীবীর এই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় ভরে যায়। অনেকে নবজাতকদের জন্য আশীর্বাদ ও ভালোবাসা জানাচ্ছেন।

বিজ্ঞাপন

রাম চরণ ও উপাসনা কোনিদেলার সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। ২০১১ সালের ডিসেম্বরে তাঁদের বাগ্‌দান হয় ও ২০১২ সালের জুনে হায়দরাবাদে জমকালো আয়োজনে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয়।

উপাসনা অ্যাপোলো চ্যারিটির ভাইস-চেয়ারপারসন এবং অ্যাপোলো হাসপাতাল গ্রুপের প্রতিষ্ঠাতা প্রতাপ সি রেড্ডির নাতনি। অন্যদিকে রাম চরণ হলেন কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবীর ছেলে।

২০২৩ সালের জুনে এই দম্পতি তাদের প্রথম সন্তান-কন্যাসন্তান ক্লিন কারাকে স্বাগত জানান। সেই সময়ও পুরো চলচ্চিত্র অঙ্গন ও ভক্তরা ব্যাপকভাবে আনন্দ উদ্‌যাপন করেছিলেন।

বিজ্ঞাপন

২০২৫ সালের দীপাবলিতে উপাসনা সামাজিক যোগাযোগমাধ্যমে তার সীমান্থম (গর্ভাবস্থার বিশেষ অনুষ্ঠান) অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করেন। সেখানে ‘ডাবল সেলিব্রেশন’, ‘ডাবল লাভ’ ও ‘ডাবল ব্লেসিং’ শব্দ ব্যবহার করে যমজ সন্তানের আগমনের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

ক্যারিয়ারের দিক থেকে রাম চরণ সম্প্রতি শংকরের পরিচালনায় কিয়ারা আদভানির বিপরীতে ‘গেম চেঞ্জার’ ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে তিনি তার পরবর্তী ছবি ‘পেড্ডি’র প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD