Logo

মাদকাসক্ত মায়ের কাছ থেকে শিশুকে বাঁচাতে পরীমণির আকুতি

profile picture
বিনোদন ডেস্ক
১৭ মার্চ, ২০২৬, ১৩:৪৮
মাদকাসক্ত মায়ের কাছ থেকে শিশুকে বাঁচাতে পরীমণির আকুতি
ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি বিভিন্ন সময়ে নানা ইস্যুতে আলোচনায় থাকলেও শিশুদের প্রতি তার আলাদা মমত্ববোধের বিষয়টি আবারও সামনে এসেছে। এবার এক মাদকাসক্ত মায়ের কাছ থেকে মাত্র তিন মাস বয়সী একটি শিশুকে উদ্ধার করার আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বাচ্চার নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে শিশুটির মাকে স্বাভাবিক জীবনে ফিরতে দ্রুত রিহ্যাব বা মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

পরীমণি তার পোস্টে জানান, শিশুটির মা ইয়াবায় আসক্ত এবং বাবা অর্থ আত্মসাতের দায়ে বর্তমানে কারাগারে রয়েছেন। এই পরিস্থিতিতে তিন মাসের শিশুটি তার মায়ের কাছে কোনোভাবেই নিরাপদ নয় বলে দাবি করেছেন এই চিত্রনায়িকা। তিনি শিশুটির মাকে উদ্দেশ্য করে লেখেন, তাকে একটি শেষ সুযোগ দেওয়ার জন্যই এই স্ট্যাটাসটি দিচ্ছেন। পরিস্থিতি না বদলালে তিনি পরবর্তী কঠোর সিদ্ধান্ত নেবেন বলেও হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

নায়িকা আরও জানান, শিশুটির মা তাকে সব ধরনের যোগাযোগ মাধ্যম থেকে ব্লক করে রেখেছেন। তবুও তিনি আশা করছেন, কোনো না কোনোভাবে এই বার্তাটি তার নজরে আসবে। তিনি লেখেন, সব যোগাযোগ বন্ধ করে রাখলেও এই বার্তাটি তুমি দেখবে—এটাই আমার বিশ্বাস। নিজের অবস্থার পরিবর্তন ঘটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করবে বলেও তিনি প্রত্যাশা প্রকাশ করেন।

এছাড়া তিনি শিশুটির মাকে দ্রুত রিহ্যাব বা মাদক নিরাময় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন, যাতে সে সুস্থ জীবনে ফিরে এসে সন্তানের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে পারে। তার মতে, এ মুহূর্তে শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে জরুরি।

বিজ্ঞাপন

পরীমণির এই মানবিক উদ্যোগ সামাজিক মাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই তার এই অবস্থানকে সমর্থন জানিয়ে শিশুটির দ্রুত নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন। একজন ভক্ত শিশুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলে উত্তরে নায়িকা জানান, তিনি নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সবার কাছে দোয়া কামনা করেছেন।

মন্তব্যকারীদের অনেকেই একজন মা হিসেবে তার দায়িত্ববোধ ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন। তাদের মতে, এমন সংবেদনশীল বিষয়ে সোচ্চার হওয়া সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD