Logo

সড়কে ইফতার করে বিপাকে দীপিকার ননদ

profile picture
বিনোদন ডেস্ক
১৭ মার্চ, ২০২৬, ১৪:৪৯
সড়কে ইফতার করে বিপাকে দীপিকার ননদ
ছবি: সংগৃহীত

শুটিং বা কাজের ব্যস্ততার ফাঁকে তারকাদের ইফতারের দৃশ্য নতুন কিছু নয়। তবে এবার ব্যস্ত মহাসড়কের পাশে সপরিবারে ইফতার করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় ইউটিউবার সাবা ইব্রাহিম। তিনি ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর-এর ননদ এবং অভিনেতা শোয়েব ইব্রাহিম-এর বোন। তার এই পদক্ষেপকে ‘ঝুঁকিপূর্ণ’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন নেটিজেনরা।

বিজ্ঞাপন

সম্প্রতি মুম্বাই থেকে শ্বশুরবাড়ির পথে যাত্রাকালে মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে ইফতারের আয়োজন করেন সাবা। পুরো ঘটনাটি তিনি ভিডিও আকারে ধারণ করে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, দ্রুতগতির যানবাহন চলাচলের মাঝেই রাস্তার ধারে চাদর পেতে স্বামী ও কোলে থাকা শিশুকে নিয়ে ইফতার করছেন তিনি। সময় হয়ে যাওয়ায় এবং নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে দেরি হওয়ায় বাধ্য হয়ে এভাবে ইফতার করতে হয়েছে বলে ভিডিওতে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

ভিডিওটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ব্যস্ত হাইওয়ের পাশে এভাবে বসে ইফতার করাকে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি হিসেবে দেখছেন সাধারণ মানুষ। অনেকে মন্তব্য করেছেন যে, নিজের পাশাপাশি ছোট শিশুর জীবনকেও তিনি ঝুঁকির মুখে ফেলেছেন। এছাড়া আইন অনুযায়ী মহাসড়কে যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখার বিষয়টি নিয়েও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সাবা ইব্রাহিম তার ভাই ও ভাবির সুবাদে পরিচিতি পেলেও বর্তমানে নিজস্ব ভ্লগিং কনটেন্টের মাধ্যমে ইউটিউবে জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে সাম্প্রতিক এই ভিডিও তাকে প্রশংসার বদলে বিতর্কের মুখে ফেলেছে। অনেক নেটিজেনই তাকে ভবিষ্যতে এমন পরিস্থিতিতে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD