ঈদে প্রেক্ষাগৃহে ৫ সিনেমার জমজমাট লড়াই, এগিয়ে থাকবে কোনটি?

রোজার ঈদকে ঘিরে দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে পাঁচটি বড় বাজেটের সিনেমা। এগুলো হলো ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’। শুরুতে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে ‘পিনিক’। ফলে সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স—দুই জায়গাতেই এবার মূল লড়াই হবে এই পাঁচ সিনেমাকে ঘিরে।
বিজ্ঞাপন
মুক্তির তালিকায় থাকা ছবিগুলোর মধ্যে তিনটি প্রাপ্তবয়স্কদের জন্য (এ গ্রেড) এবং দুটি সব বয়সী দর্শকের জন্য (ইউ গ্রেড) অনুমোদন পেয়েছে। ‘প্রিন্স’, ‘প্রেশার কুকার’ ও ‘রাক্ষস’ এ গ্রেডের, আর ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’ সব বয়সী দর্শকের জন্য উন্মুক্ত।
সিনেপ্লেক্সগুলোতে প্রথম সপ্তাহেই তীব্র প্রতিযোগিতার আভাস মিলছে। বিশেষ করে শাকিব খানের ‘প্রিন্স’, আফরান নিশোর ‘দম’ এবং মোশাররফ করিম-চঞ্চল চৌধুরী অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’—এই তিনটি ছবির মধ্যে শুরুতে লড়াই জমে উঠতে পারে। পাশাপাশি চার নায়িকার ‘প্রেশার কুকার’ও চমক দেখানোর সম্ভাবনায় রয়েছে। অন্যদিকে, দ্বিতীয় সপ্তাহে সিয়াম আহমেদের ‘রাক্ষস’ সিঙ্গেল স্ক্রিনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে।
বিজ্ঞাপন
‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ঘিরে গড়ে উঠেছে এর গল্প।
‘বনলতা এক্সপ্রেস’ নির্মাণ করেছেন তানিম নূর। ট্রেন ভ্রমণের সময় যাত্রীদের জীবনের নানা মোড় ও ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে এতে।
‘রাক্ষস’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে পাগলাটে প্রেম ও পারিবারিক নাটক একসঙ্গে উঠে এসেছে।
বিজ্ঞাপন
‘দম’ নির্মাণ করেছেন রেদওয়ান রনি। সত্য ঘটনা অবলম্বনে মধ্যপ্রাচ্যে অপহৃত এক ব্যক্তির বেঁচে ফেরার সংগ্রাম তুলে ধরা হয়েছে ছবিটিতে।
‘প্রেশার কুকার’ পরিচালনা করেছেন রায়হান রাফী। নগরজীবনে চার নারীর অদৃশ্য সংগ্রাম, সামাজিক চাপ ও দ্বন্দ্বের গল্প এতে তুলে ধরা হয়েছে।
বিজ্ঞাপন
তবে এবারের ঈদে সিনেমাগুলোর প্রচারণা তুলনামূলকভাবে সীমিত। পোস্টার ও টিজার প্রকাশ হলেও বড় ধরনের প্রচার বা গান তেমন আলোচনায় আসেনি। ফলে শেষ পর্যন্ত কোন সিনেমা দর্শকের মন জয় করে হিট হবে—তা নির্ভর করছে মুক্তির পর দর্শক প্রতিক্রিয়ার ওপর।








