ঈদের প্রথম দিনে কোন সিনেমার আয় কত?

ঈদুল ফিতরকে ঘিরে দেশের প্রেক্ষাগৃহগুলোতে আবারও ফিরেছে সিনেমা উৎসবের আমেজ। পাঁচটি নতুন সিনেমা—‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’—মুক্তির পর দর্শকদের ভিড়ে সরব হয়ে উঠেছে সিনেমা হলগুলো। এবার দর্শকরা শুধু তারকাখ্যাতি নয়, গল্পের মানকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
বিজ্ঞাপন
সিনেমা বিষয়ক তথ্যভিত্তিক প্ল্যাটফর্মের হিসাবে, ঈদের প্রথম দিনে আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে আফরান নিশো অভিনীত ‘দম’। মাল্টিপ্লেক্সে এটি বছরের অন্যতম সেরা ওপেনিং হিসেবে জায়গা করে নিয়েছে। স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ২৭টি শোর মধ্যে ২২টি ছিল হাউজফুল। প্রথম দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ৩০.৩৯ লাখ টাকা।
দ্বিতীয় অবস্থানে রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। ২১টি শোর মধ্যে ১৭টি হাউজফুল হওয়া সিনেমাটি প্রথম দিনে আয় করেছে ২০.৪০ লাখ টাকা। এটিকে মাল্টিপ্লেক্সে বছরের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং হিসেবে ধরা হচ্ছে।
বিজ্ঞাপন
ঈদের বক্স অফিসে বরাবরের মতো আলোচনায় রয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’। স্টার সিনেপ্লেক্সে মুক্তি না পেলেও অন্যান্য মাল্টিপ্লেক্স ও ই-টিকেটিং সুবিধাসম্পন্ন প্রেক্ষাগৃহে ভালো সাড়া পেয়েছে সিনেমাটি। ৩১টি শোর মধ্যে ২৬টি ছিল হাউজফুল। বিভিন্ন শো বাতিল না হলে আয় আরও বেশি হতে পারত বলে সংশ্লিষ্টরা মনে করছেন। প্রথম দিনে সিনেমাটির আয় ১৬.১৯ লাখ টাকা।
তরুণ দর্শকদের মধ্যে জনপ্রিয় সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ও প্রথম দিন ভালো সাড়া পেয়েছে। ১৪টি শোর মধ্যে ১০টি হাউজফুল হয়ে সিনেমাটি আয় করেছে ১৩.৯৩ লাখ টাকা।
বিজ্ঞাপন
অন্যদিকে নির্মাতা রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ প্রথম দিনে তুলনামূলক কম সাড়া পেয়েছে। ১৪টি শোর মধ্যে মাত্র ১টি হাউজফুল হওয়া সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৬.১২ লাখ টাকা।








