নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান নাজিফা তুষি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে হতাশা প্রকাশ করে জানিয়েছেন, সুযোগ পেলে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টই মুছে দিতে চান।
বিজ্ঞাপন
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, সমাজে নারীদের একটি নির্দিষ্ট ছাঁচে দেখার প্রবণতা রয়েছে। একজন নারী কখন কীভাবে নিজেকে উপস্থাপন করবেন, তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হওয়া উচিত। কিন্তু বাস্তবে অনেক সময় নারীদের পোশাক, সাজসজ্জা ও ব্যক্তিগত পছন্দ নিয়ে নানা ধরনের মন্তব্য ও সমালোচনার মুখোমুখি হতে হয়।
তুষির ভাষ্য, সামাজিক মাধ্যমে মানুষ প্রায়ই অভিনেত্রীদের চেহারা, পোশাক কিংবা জীবনযাপন নিয়ে বিচার করে। এই প্রবণতাই তাকে বিরক্ত করে এবং সে কারণেই মাঝে মাঝে ফেসবুক ছেড়ে দেওয়ার ইচ্ছা জাগে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, একজন অভিনেত্রীকে সবসময় নিখুঁতভাবে সাজানো অবস্থায় দেখতে হবে— এমন ধারণা তার কাছে অস্বস্তিকর। নিজের ইচ্ছায় সাজতে তার আপত্তি নেই, তবে সমাজের প্রত্যাশা পূরণের জন্য সবসময় নির্দিষ্ট একটি রূপে নিজেকে উপস্থাপন করার চাপ তিনি সমর্থন করেন না।
নারী-পুরুষের প্রতি সমাজের ভিন্ন দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তার মতে, নারীদের চেহারা ও উপস্থাপন নিয়ে যে পরিমাণ সামাজিক চাপ তৈরি করা হয়, পুরুষদের ক্ষেত্রে তা অনেক কম।
বিজ্ঞাপন
‘বোল্ডনেস শুধু মেকআপে নয়, নিজের মতো করে স্বাচ্ছন্দ্যবোধ করার মধ্যেই প্রকৃত সাহস রয়েছে’— এমন মন্তব্য করে তুষি বলেন, একজন মানুষ কী পোশাক পরলেন বা কী ধরনের জুতা ব্যবহার করলেন, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নিজের পরিচয় ও আত্মবিশ্বাসকে ধারণ করা।








