Logo

এমন মুহূর্ত ভাষায় প্রকাশ করার মতো নয়: মিথিলা

profile picture
বিনোদন প্রতিবেদক
৩১ মে, ২০২৬, ১৬:১৩
এমন মুহূর্ত ভাষায় প্রকাশ করার মতো নয়: মিথিলা
ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’। আর এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয়েছে নতুন মুখ তানজিয়া জামান মিথিলার। প্রথম সিনেমার প্রথম দৃশ্যেই দর্শকদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া পেয়ে আবেগে ভেসেছেন এই নবাগত অভিনেত্রী।

বিজ্ঞাপন

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রকস্টার’ সিনেমার একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন মিথিলা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তানজিয়া জামান মিথিলা বলেন, ‘এখনও বিশ্বাস করতে পারছি না, এটা ছিল আমার প্রথম বাংলা সিনেমার প্রথম এন্ট্রি সিন।

‘পর্দায় প্রথমবার নিজেকে দেখার পর যখন আপনাদের উচ্ছ্বাস, চিৎকার আর ভালোবাসা শুনেছি, তখন সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে।’

বিজ্ঞাপন

দর্শকদের এমন বাঁধভাঙা উন্মাদনা ছুঁয়ে গেছে এই নবাগতার মন। সেই আনন্দের মুহূর্তটি তুলে ধরে তিনি আরও বলেন, ‘একজন নতুন অভিনেত্রী হিসেবে এমন মুহূর্ত আমার জন্য ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের ভালোবাসা, সমর্থন আর উৎসাহ আমাকে আরও স্বপ্ন দেখতে সাহস দেয়।’

প্রেক্ষাগৃহে বসে দর্শকরা যেভাবে তাকে গ্রহণ করেছেন, সেই ভালোবাসার ঋণ শোধ করার মতো নয় বলেও জানান তিনি। ভক্তদের ধন্যবাদ জানিয়ে মিথিলা শেষে লিখেছেন, ‘প্রতিটি হাততালি, প্রতিটি হাসি আর প্রতিটি সুন্দর কথার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাই এই মুহূর্তটাকে আমার জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরণীয় স্মৃতিগুলোর একটি করে তুলেছেন।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করলেন তানজিয়া জামান মিথিলা। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে তার উপস্থিতি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রেক্ষাগৃহে দর্শকদের আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD