Logo

বউ নিয়ে পালিয়ে বাবার হাতে ধরা পড়েন ব্যর্থ প্রেমিক খ্যাত নায়ক বাপ্পারাজ

profile picture
বিনোদন প্রতিবেদক
৩ জুন, ২০২৬, ১৬:৫১
বউ নিয়ে পালিয়ে বাবার হাতে ধরা পড়েন ব্যর্থ প্রেমিক খ্যাত নায়ক বাপ্পারাজ
ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রে ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ। পর্দায় অসংখ্যবার প্রেমে ব্যর্থ হয়ে দর্শকদের আবেগাপ্লুত করলেও বাস্তব জীবনে তার প্রেমের গল্প ছিল একেবারেই ভিন্ন। নিজের প্রেম ও বিয়ের স্মৃতিচারণ করতে গিয়ে এমন এক ঘটনার কথা জানিয়েছেন তিনি, যা অনেকটা সিনেমার কাহিনিকেও হার মানায়।

বিজ্ঞাপন

সম্প্রতি এক আড্ডায় নিজের ব্যক্তিগত জীবনের সেই স্মরণীয় অধ্যায়ের কথা তুলে ধরেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রাজ্জাকের ছেলে বাপ্পারাজ। তিনি জানান, প্রেমটা বেশ জমজমাট হলেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল মেয়ের পরিবার। তার শ্বশুরবাড়ির লোকজন এই বিয়েতে কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। কিন্তু ভালোবাসার কাছে কি আর দেয়াল তোলা যায়? বাপ্পারাজও দমে যাওয়ার পাত্র ছিলেন না।

ঘটনা বর্ণনা করে বাপ্পারাজ বলেন, ‘আমার প্রেম ছিল সিনেমার গল্পের মতো। আমার শ্বশুর এ বিয়েতে রাজি ছিলেন না। তারপর বন্ধুকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে আসি।’

বিজ্ঞাপন

বিয়ের ধকল শেষে যখন নতুন জীবনের পরিকল্পনা করছিলেন, ঠিক তখনই ঘটে অন্য এক ঘটনা। হাসতে হাসতে বাপ্পারাজ বলেন, ‘চিন্তা করছিলাম বিকেলে কী করব, পরবর্তী প্ল্যান কী? কোথায় যাব, কেমনে কী করব, এরই মধ্যে আমাকে ধরে ফেলে।’

পরিকল্পনা অনুযায়ী স্ত্রীকে নিয়ে চলে আসার পর তারা আশ্রয় নেন তৎকালীন জনপ্রিয় চিত্রনায়ক প্রয়াত সোহেল চৌধুরীর বাসায়। সেখানেই কাজি ডেকে তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়। ছেলের এমন কাণ্ডের কথা জানতে পেরে চুপচাপ বসে থাকেননি নায়করাজ রাজ্জাক। বাপ্পারাজ বলেন, ‘বিয়ে করার পর আব্বা লোক পাঠিয়ে আমাকে ধরে আনেন।’

বিজ্ঞাপন

বাবা রাজ্জাকের লোকদের হাতে ধরা পড়ার পর স্বাভাবিকভাবেই বাপ্পারাজকে বেশ বড়সড় ঝড়ের মুখে পড়তে হয়েছিল। বাবার কাছ থেকে জোটে প্রচুর বকাঝকা। তবে রাগ কমলে ছেলের ভালোবাসাকে মেনে নেয় পরিবার।

পর্দায় ব্যর্থ প্রেমিক হিসেবে খ্যাত থাকলেও বাস্তব জীবনের গল্পটা একদম উল্টো, চিরসবুজ সফল প্রেমিক। কারণ সিনেমার মতো নাটকীয়তা, পারিবারিক বাধা, পালিয়ে বিয়ে এবং শেষ পর্যন্ত পরিবারের স্বীকৃতি—সবকিছু মিলিয়ে তার জীবনের এই অধ্যায় যেন এক রোমাঞ্চকর চলচ্চিত্রের গল্প।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD