ফিফার অফিসিয়াল অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়

বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় আসরকে ঘিরে এবার নতুন এক গৌরবের সাক্ষী হলো বাংলাদেশ। আগেই জানা গিয়েছিল, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। এবার সেই অর্জনের সঙ্গে যুক্ত হলো আরও একটি বড় সাফল্য। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল অ্যালবামেও অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৪ জুন) বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সঞ্জয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন সঞ্জয়। দীর্ঘদিনের স্বপ্ন পূরণের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘অনেক দিন ধরে এটার অপেক্ষায় ছিলাম। সান হোসেতে (ক্যালিফোর্নিয়ার একটি শহর) দুটি ভিন্ন সংস্কৃতির মাঝে বড় হতে হতে দিনের পর দিন পার করেছি গান তৈরিতে। সবসময় স্বপ্ন দেখতাম, এমন কিছু গান বানানোর, যা বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ ও সাউন্ডট্র্যাকে জায়গা করে নেবে।’
বিজ্ঞাপন

নিজের এই অবিস্মরণীয় অর্জনকে উৎসর্গ করে সঞ্জয় আরও বলেন, ‘আজ অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি, আমি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামের একজন তালিকাভুক্ত শিল্পী। আমাদের তৈরি করা একটি গান পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া উৎসবের সাউন্ডট্র্যাক হতে যাচ্ছে, এটা ভাবতেই অন্যরকম লাগছে। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’
এই সাফল্যকে কেবল নিজের মাঝে সীমাবদ্ধ রাখতে চান না শিল্পী। তরুণদের অনুপ্রাণিত করে তিনি লেখেন, ‘এটি কেবল আমার একার জয় নয়। এটি সেই সমস্ত শিশুর জয়, যারা চার দেয়ালের ঘরে বসে আকাশছোঁয়া স্বপ্ন দেখার সাহস বুনে চলে।’
বিজ্ঞাপন
ফিফা বিশ্বকাপের এই বিশেষ অ্যালবামে সঞ্জয়ের গানটির শিরোনাম ‘সির সির’। গানটিতে তার সঙ্গে থাকছেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফাতেহি এবং ফরাসি শিল্পী ভেজেড্রিম।

ফিফা বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরের অফিসিয়াল অ্যালবামে জায়গা পাওয়া একজন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর জন্য যেমন বড় অর্জন, তেমনি এটি বাংলাদেশের জন্যও গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। সংগীতপ্রেমীদের মতে, বিশ্বমঞ্চে সঞ্জয়ের এই সাফল্য ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বাংলাদেশি শিল্পীদের পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।








