Logo

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, তবে একটি গান নিষিদ্ধ ছিল

profile picture
বিনোদন ডেস্ক
৫ জুন, ২০২৬, ১৭:৩৮
কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, তবে একটি গান নিষিদ্ধ ছিল
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন কারাবন্দি থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জেলজীবনের নানা স্মৃতিচারণ করেছেন। তিনি জানান, কারাগারে নিয়মিত সাংস্কৃতিক আয়োজন হতো এবং সেখানে গান পরিবেশন করতেন সংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে স্কুলজীবনের কয়েকজন বন্ধুর সঙ্গে আলাপকালে আইভী বলেন, বন্দি অবস্থায় বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সময় কাটানোর সুযোগ ছিল। এসব আয়োজনে মমতাজ বেগম নিয়মিত গান গেয়ে অন্য বন্দিদের বিনোদন দিতেন।

তবে একটি নির্দিষ্ট গান না গাওয়ার জন্য তিনি মমতাজকে অনুরোধ করেছিলেন। ‘আমার ভাইয়েরে কইও নাইওর আনতো গিয়া’ গানটি শুনলেই তার প্রয়াত ছোট ভাই আহমদ আলী রেজা রিপনের কথা মনে পড়ে যেত বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৭ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রিপন। এর প্রায় এক মাস পর আইভী গ্রেপ্তার হন।

আইভী বলেন, ভাইয়ের মৃত্যুর স্মৃতি তখনও তার মনে গভীরভাবে নাড়া দিত। তাই গানটি শুনলে তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে পারতেন না। সে কারণেই তিনি মমতাজকে বলেছিলেন, কারামুক্তির দিন চাইলে গানটি গাওয়া যেতে পারে। পরে কাকতালীয়ভাবে মুক্তির দিন বিকেলে কারাগারের এক সাংস্কৃতিক আসরে মমতাজ ওই গানটি পরিবেশন করেন। তখনও তিনি জানতেন না যে কয়েক ঘণ্টা পরই তার মুক্তি মিলবে।

জেলজীবনে তিনি একটি কবিতাও লিখেছিলেন বলে জানা গেছে। সেই লেখায় সুরারোপ করেছেন মমতাজ বেগম। ভবিষ্যতে উপযুক্ত সময়ে গানটি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

কবিতা লেখার বিষয়ে জানতে চাইলে আইভী হেসে বলেন, তিনি নিজেকে কবি মনে করেন না। তার ভাষায়, এটি ছিল খুবই সাধারণ কিছু লেখা, যা মমতাজের শিল্পীসত্তার কারণে গানে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে।

এদিন বিকেলে তার বাসভবনে সাবেক নারী কাউন্সিলর মিনুয়ারা বেগমসহ কয়েকজন নেতাকর্মী দেখা করতে যান। আলাপচারিতার একপর্যায়ে ছোট ভাইয়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আইভী এবং কান্নায় ভেঙে পড়েন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD