চাইলেই ফিরে আসা যায়, আবারও প্রমাণ করলেন বিন্দু

একসময় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিসেবে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন আফসান আরা বিন্দু। তবে গত কয়েক বছর অভিনয় জগত থেকে অনেকটাই দূরে ছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন এই অভিনেত্রী। নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এর মাধ্যমে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি।
বিজ্ঞাপন
দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’ আগামী ২৫ জুন মুক্তি পাবে। সিরিজটি পরিচালনা করেছেন নির্মাতা সালেহ সোবহান অনীম। এরই মধ্যে সিরিজটিকে ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
সম্প্রতি হইচই বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে প্রকাশ করা হয়েছে সিরিজটির নতুন পোস্টার। সেখানে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহানকে দেখা গেছে। পোস্টারে তাদের রহস্যময় উপস্থিতি এবং চারপাশে ছড়িয়ে থাকা পুরোনো সংবাদপত্রের স্তূপ দেখে ধারণা করা হচ্ছে, এটি অনুসন্ধানভিত্তিক একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে।
বিজ্ঞাপন
সিরিজটির অন্যতম আকর্ষণ আফসান আরা বিন্দুর প্রত্যাবর্তন। তার সঙ্গে আরও অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল, রায় রাজন্যাসহ অনেকেই।
সিরিজটি নিয়ে পরিচালক সালেহ সোবহান অনীম বলেন, ‘নানান অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির খোঁজেই আমরা সিরিজটি নির্মাণ করেছি। যে ধরনের গল্প দেখে আমরা বড় হয়েছি বা যে কাজগুলো আজও আমাদের মনের খুব কাছের—আমরা ঠিক সেই ধরনের গল্প আপনাদের জন্য করেছি। আর হেডলাইন মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা একটি ফ্যামিলি ড্রামা।’
আরও পড়ুন: শাবনূরকে নিয়ে আবেগঘন বার্তা পূর্ণিমার
বিজ্ঞাপন
হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘আমাদের সবসময়ই চেষ্টা থেকে দর্শকদের সামনে এমন সব কনটেন্ট আনতে, যা তাদের চিন্তার খোরাক জোগাবে। হেডলাইন তেমনই একটি সিরিজ। অনীমের পরিচালনার মুনশিয়ানা এবং অসাধারণ চিত্রনাট্য দর্শকদের দীর্ঘ সময় পর্দায় আটকে রাখবে বলে বিশ্বাস করি।’
দীর্ঘদিন পর আফসান আরা বিন্দুর অভিনয়ে প্রত্যাবর্তন কতটা সাড়া ফেলতে পারে, সেটি জানতে এখন অপেক্ষা ২৫ জুন পর্যন্ত। ‘হেডলাইন’ মুক্তির পরই বোঝা যাবে দর্শকরা তাকে নতুনভাবে কতটা গ্রহণ করেন। তবে এরই মধ্যে সিরিজটিকে ঘিরে দর্শকমহলে প্রত্যাশা তৈরি হয়েছে, আর সেই প্রত্যাশার বড় একটি অংশজুড়েই রয়েছেন আফসান আরা বিন্দু।








