কেমন হলো বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার নতুন গান ‘সির সির’?

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী সঞ্জয়ের নতুন গান প্রকাশের খবর কয়েকদিন ধরেই আলোচনায় ছিল। জানা গিয়েছিল, এবারের ফিফা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে একটি বিশেষ গানে কণ্ঠ দেবেন তিনি। সেই গানে তার সঙ্গে রয়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি এবং ফরাসি শিল্পী ভেজড্রিম। অবশেষে প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত সেই গান ‘সির সির’।
বিজ্ঞাপন
ফুটবল বিশ্বকাপের অন্যান্য গানের মতই উৎসবের আমেজে সাজানো হয়েছে এ গানের মিউজিক। ভিডিওতেও আছে ফুটবল উন্মাদনার উপস্থিতি। গানের দৃশ্যে একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে পারফর্ম করেছেন নোরাও। উপস্থিতি রয়েছে সঞ্জয় ও গায়ক ভেজড্রিমেরও।
প্রকাশের পর থেকে অন্তর্জালে অনেকে গানটির প্রশংসা করছেন। বিশেষ করে গানের মিউজিক ও কোরিওগ্রাফির বন্দনা করছেন দর্শক-শ্রোতারা।
বিজ্ঞাপন

গানটি ফেসবুকে শেয়ার করে সঞ্জয় লিখেছেন, ‘কয়েক মাসের শ্রম, কয়েক দেশের অসাধারণ কিছু মানুষের সঙ্গে কাজ। দেখুন, আমরা কী বানিয়েছি। আপনাদের প্রতিক্রিয়ার অপেক্ষায়।’
সঞ্জয়, নোরা ও ভেজড্রিমের এই গানটি ফিফা বিশ্বকাপের এবারের অফিসিয়াল অ্যালবামের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত একজন মার্কিন শিল্পী ফিফার এমন বড় আয়োজনের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেলেন। শুধু অ্যালবামেই নয়, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও তাদের পারফর্ম করার কথা রয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, নোরা ফাতেহির সঙ্গে এর আগেও একাধিক প্রকল্পে কাজ করেছেন সঞ্জয়। সম্প্রতি কন্নড় চলচ্চিত্র ‘কেডি—দ্য ডেভিল’-এ তাদের একটি গান ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছিল। ‘সারকে চুনার তেরি সারকে’ শিরোনামের সেই গানটি নিয়ে সমালোচনা তৈরি হওয়ার পর সংশ্লিষ্টরা পরবর্তীতে সেটি ইউটিউব থেকে সরিয়ে নেন।








