Logo

অসুস্থতার পর এখন কেমন আছেন, জানালেন তানিয়া বৃষ্টি

profile picture
বিনোদন ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬, ১৮:২৩
অসুস্থতার পর এখন কেমন আছেন, জানালেন তানিয়া বৃষ্টি
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি দীর্ঘদিন ধরে মস্তিষ্কের টিউমারের চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। বর্তমানে তাঁর কেমোথেরাপি চলছে।

বিজ্ঞাপন

ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের মাধ্যমে তানিয়ার মস্তিষ্কের টিউমার অপসারণ করা হয়। পরবর্তী চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও একটি অস্ত্রোপচার হয় তাঁর। চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন এই অভিনেত্রী। এরপর থেকে বিশ্রামের পাশাপাশি চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি।

দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও বিভিন্ন পোস্ট দিচ্ছেন তানিয়া। এতে তাঁর ভক্তদের মধ্যে তাঁর শারীরিক অবস্থা নিয়ে আগ্রহ তৈরি হয়। শনিবার (৩ অক্টোবর) বিকেলে দীর্ঘদিন পর ফেসবুক লাইভে এসে নিজের বর্তমান অবস্থার কথা জানান অভিনেত্রী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

লাইভে ভক্তদের বিভিন্ন প্রশ্নের জবাবে তানিয়া বলেন, ‘অসুস্থ ছিলাম। এখন অনেকটা ভালো আছি। কেমোথেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হলো, এখন চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস এটা চলার পর কিছু পরীক্ষা হবে। সেটার পর ডাক্তার জানাবে, পরবর্তী চিকিৎসা কী হবে।’

বিজ্ঞাপন

তানিয়া জানান, বর্তমানে তিনি ঢাকার পার্শ্ববর্তী একটি রিসোর্টে রয়েছেন। সেখানে পরিবার নিয়ে ঘুরতে গেছেন। গ্রামীণ আবহে মনটাকে শান্ত করার জন্য এই সফর।

অভিনয়ে কি ফিরবেন? কবে নাগাদ ফিরবেন? এসব প্রশ্নও এসেছে তানিয়ার কমেন্ট বক্সে। জবাবে তানিয়া বৃষ্টি বলেন, ‘নাটক করতে তো চাই। এ মাস থেকে শুরু করতে চাই। কথাবার্তা চলছে। নয় মাসের মতো শুটিং করিনি। এখন অনেকটা ভালো আছি। তাই আবার কাজে ফেরার চিন্তা করছি।’

শুটিংয়ে ফেরা প্রসঙ্গে ভক্তদের মতামতও চেয়েছেন তানিয়া। তারা যদি বেশি আগ্রহ দেখান, তবে দ্রুত ফিরতে পারবেন তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD