Logo

সুপার টাইফুন ‘রাগাসা’র আঘাতে নিহত ১৪, নিখোঁজ ১২৪

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৩
সুপার টাইফুন ‘রাগাসা’র আঘাতে নিহত ১৪, নিখোঁজ ১২৪
ঝড়ে লন্ডভন্ড তাইওয়ানের একটি শহর । ছবি: ইন্টারনেট

দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘রাগাসা’ ব্যাপক তাণ্ডব চালিয়ে তাইওয়ানে অন্তত ১৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন এবং এখনো ১২৪ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূল হুয়ালিয়েনে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে। এ জেলাতেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা লি কুয়ান-তিং।

তিনি জানান, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী বাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী মৃতদের সবাই হুয়ালিয়েন জেলার বাসিন্দা। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

বিজ্ঞাপন

রয়টার্স ও এএফপি’র খবরে বলা হয়েছে, রাগাসার প্রভাবে তাইওয়ানসহ দক্ষিণ চীন সাগরের উপকূলীয় অঞ্চল এবং হংকংয়ে তীব্র ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণ হয়েছে। তবে হুয়ালিয়েন ছাড়া অন্য কোনো জেলায় হতাহতের খবর মেলেনি।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, রাগাসা তার শক্তি ও ধ্বংসাত্মক ক্ষমতার কারণে ‘সুপার টাইফুন’ হিসেবে চিহ্নিত হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকাল ৩টার দিকে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় কাগায়ান প্রদেশের বাতানিজ দ্বীপ এলাকায় প্রথম আঘাত হানে এই ঘূর্ণিঝড়। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৩০ কিলোমিটার।

বিজ্ঞাপন

তাইওয়ানের দমকল কর্মকর্তা ওয়াং সে-আন জানিয়েছেন, নিহত ও নিখোঁজদের সবাই গুয়াংফু এলাকার বাসিন্দা। ঝড়ের সময় ওই এলাকায় নদীর ওপর একটি বড় সেতু ভেঙে পড়ে, যার ফলে পানির প্রবল স্রোতে গ্রামটি ডুবে যায়। প্রায় এক হাজার মানুষের বসবাস করা এই গ্রাম এখন সম্পূর্ণ প্লাবিত, এবং বহু মানুষ এখনো আটকে রয়েছেন।

বর্তমানে সুপার টাইফুন রাগাসা চীনের দক্ষিণ উপকূল ও এশিয়ার আর্থিক কেন্দ্র হংকংয়ের দিকে অগ্রসর হচ্ছে। উপকূলীয় অঞ্চলগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD