Logo

যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ এখনো নির্ধারিত হয়নি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল, ২০২৬, ১৭:৩০
যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ এখনো নির্ধারিত হয়নি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে দ্বিতীয় দফার আলোচনার জন্য এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঠিক হয়নি বলে জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এ তথ্য জানান। তিনি বলেন, আলোচনায় পারমাণবিক ইস্যুসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

গণমাধ্যমকে এ বিষয়ে জল্পনা-কল্পনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আলোচনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান নিয়ে মন্তব্য করা হবে না, কারণ বিষয়টি পারস্পরিক আস্থার সঙ্গে জড়িত। উচ্চমাত্রার গোপনীয়তা বজায় রেখেই আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

দ্বিতীয় দফার সংলাপে কারা অংশ নেবেন বা প্রতিনিধি দলের আকার কেমন হবে—এ বিষয়ে সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশগুলোর ওপরই নির্ভর করছে বলে জানান মুখপাত্র। একই সঙ্গে তিনি বলেন, লেবাননে শান্তি বজায় থাকাও এই আলোচনার জন্য গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় অগ্রগতি না হওয়ায়, যুক্তরাষ্ট্র ও ইরানকে আবার আলোচনায় ফেরাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে পাকিস্তান। এর অংশ হিসেবে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বর্তমানে বিভিন্ন দেশ সফর করছেন, আর সেনাপ্রধান সৈয়দ অসীম মুনির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল তেহরান সফরে রয়েছে।

প্রায় এক মাসের সংঘাতের পর গত ৮ এপ্রিল মধ্যস্থতার মাধ্যমে দুই দেশের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়, যা ২২ এপ্রিল শেষ হওয়ার কথা। যদিও তা এখনো বহাল রয়েছে, তবে পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, খুব শিগগিরই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা আবার শুরু হতে পারে। এছাড়া ইরান জানিয়েছে, ইসলামাবাদ বৈঠকের পর পাকিস্তানের মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD