Logo

ফ্লোটিলার একটি জাহাজও গাজায় প্রবেশ করেনি, দাবি ইসরায়েলের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ অক্টোবর, ২০২৫, ১৭:৫৭
ফ্লোটিলার একটি জাহাজও গাজায় প্রবেশ করেনি, দাবি ইসরায়েলের
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সমুদ্রে রওনা হয়েছিল প্রায় ৪৫টি জাহাজ ও ৫০০ মানবাধিকারকর্মী। তবে দখলদার ইসরায়েল তাদের লক্ষ্য পূরণ করতে দেয়নি। গত বুধবার রাত থেকে ইসরায়েলি নৌ কমান্ডোরা একে একে জাহাজগুলো আটক করতে শুরু করে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা গাজায় পৌঁছানোর আগেই শেষ হয়ে গেছে।

মন্ত্রণালয়ের দাবি, জাহাজগুলো আটকাতে গিয়ে কোনো বড় ধরনের সংঘর্ষ বা দুর্ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

বিবৃতিতে তারা ফ্লোটিলাকে “হামাস ফ্লোটিলা” বলে উল্লেখ করে জানায়, “এই উস্কানিমূলক নৌযানগুলো নৌ অবরোধ ভাঙতে বা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে পারেনি। যাত্রীরা সবাই নিরাপদে আছেন এবং তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে।”

এদিকে আয়োজকদের দাবি, অন্তত একটি জাহাজ ইতোমধ্যেই গাজার জলসীমায় প্রবেশ করেছে।

তবে ইসরায়েল তা অস্বীকার করে বলেছে, লাইভ ট্র্যাকিং সিস্টেমের ত্রুটির কারণে ভুল তথ্য ছড়িয়েছে। ইসরায়েলের বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত অন্তত ৩৯টি জাহাজ আটক করেছে ইসরায়েল। তবে একটি জাহাজ এখনও গাজার দিকে অগ্রসর হচ্ছে।

ইসরায়েলি মন্ত্রণালয়ের দাবি, আরেকটি জাহাজ সমুদ্রে কারিগরি ত্রুটির কারণে থেমে আছে, তবে সেটিও গাজার দিকে পৌঁছাতে পারেনি।

বিজ্ঞাপন

মানবিক সহায়তা বহনকারী এই নৌবহরের প্রধান লক্ষ্য ছিল অবরুদ্ধ গাজার ক্ষুধার্ত ও অসহায় মানুষের কাছে খাদ্য, পানি ও ওষুধ পৌঁছে দেওয়া। তবে ইসরায়েলের বাধার কারণে ফ্লোটিলার স্বপ্ন বাস্তবায়িত হওয়ার আগেই যাত্রা থেমে গেল।

সূত্র: টাইমস অব ইসরায়েল

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD