বাংলাদেশগামী এলপিজি জাহাজে নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র

ইরানের পেট্রোলিয়াম ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রপ্তানিতে সহায়তার অভিযোগে ৫০টিরও বেশি প্রতিষ্ঠান, ব্যক্তি ও জাহাজের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশে এলপিজি সরবরাহকারী একটি আরব আমিরাতভিত্তিক নেটওয়ার্ক ও সংশ্লিষ্ট জাহাজও।
বিজ্ঞাপন
মার্কিন অর্থ বিভাগের সংস্থা অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) বৃহস্পতিবার (৯ অক্টোবর) এই পদক্ষেপের ঘোষণা দেয়। ওএফএসি জানায়, ইরানের আর্থিক প্রবাহ কমানো ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অর্থায়ন রোধের অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঝুঁকি নিয়েও ট্রাম্পের ওপর ভরসা হামাসের
ওএফএসি’র বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠান ও জাহাজগুলো ইরানের এলপিজির অন্তত দুটি চালান বাংলাদেশে সরবরাহ করেছে। একই চক্র শ্রীলঙ্কাতেও ইরানি জ্বালানি পণ্য সরবরাহ করেছে। এই কার্যক্রমের মাধ্যমে ইরান বিলিয়ন ডলার মূল্যের পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানি করছে, যা দেশটির সরকারের অন্যতম রাজস্ব উৎস।
বিজ্ঞাপন
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, ইরানের জ্বালানি রপ্তানি কার্যক্রম দুর্বল করার উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটি ওয়াশিংটনের “সর্বোচ্চ অর্থনৈতিক চাপ” নীতির ধারাবাহিক অংশ।
নতুন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক স্লোগাল এনার্জি ডিএমসিসি এবং মারকান হোয়াইট ট্রেডিং ক্রুড অয়েল অ্যাবরোড কোম্পানি এলএলসি। ওএফএসি’র তথ্যমতে, ২০২৪ সাল থেকে এই দুটি প্রতিষ্ঠান দক্ষিণ এশিয়ায় ইরানি এলপিজি চালান পাঠাচ্ছিল।
২০২৫ সালের শুরুতে পানামার পতাকাবাহী জাহাজ ‘গ্যাস ডিওর’ প্রায় ১৭ হাজার টনেরও বেশি ইরানি এলপিজি বাংলাদেশে সরবরাহ করে। এছাড়া, কোমোরোসের পতাকাবাহী জাহাজ ‘আদা’ (পূর্বনাম ক্যাপ্টেন নিকোলাস) বাংলাদেশের আমদানিকারকদের কাছে ইরানি এলপিজি সরবরাহ করেছিল। এই জাহাজের মালিক সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সি শিপ ম্যানেজমেন্ট এলএলসি, যাকে এবার নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা
উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালের ১৩ অক্টোবর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘ক্যাপ্টেন নিকোলাস’ জাহাজে আগুন লাগে, যখন এটি ‘বিএলপিজি সোফিয়া’ নামের ছোট জাহাজে গ্যাস খালাস করছিল। প্রায় ৩৪ হাজার টন এলপিজি বহনকারী জাহাজটি দীর্ঘদিন আটকে থাকার পর চলতি বছরের ৫ সেপ্টেম্বর পুনরায় গ্যাস স্থানান্তরের অনুমতি পায়। বর্তমানে এটি চট্টগ্রাম বন্দরে নোঙর করা অবস্থায় রয়েছে।
যদিও নিষেধাজ্ঞার তালিকায় কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান বা সরকারি সংস্থার নাম নেই, তবে নিষিদ্ধ জাহাজের মাধ্যমে এলপিজি আমদানির বিষয়টি যুক্তরাষ্ট্রের নজরদারিতে এসেছে।
বিজ্ঞাপন
মার্কিন আইন অনুযায়ী, এ ধরনের লেনদেনে যুক্ত বিদেশি কোম্পানিগুলো ‘সেকেন্ডারি স্যাংশন’-এর মুখোমুখি হতে পারে, যা যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকার হারানোর ঝুঁকি তৈরি করে।








