এক ঘণ্টার প্রবল বর্ষণে মরক্কোয় আকস্মিক বন্যা, নিহত ২১

মাত্র এক ঘণ্টার ভারী বর্ষণ ও তার জেরে সৃষ্ট আকস্মিক বন্যায় উত্তর আফ্রিকার দেশ মরক্কোর সাফি প্রদেশে ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন, যাদের অধিকাংশই চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (১৫ ডিসেম্বর) (স্থানীয় সময়) রাজধানী রাবাত থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত সাফি প্রদেশে এই ভয়াবহ ঘটনা ঘটে। আকস্মিক বন্যায় প্রদেশের প্রধান শহর সাফিতে অন্তত ৭০টি বাড়ি ও দোকানপাট আংশিক কিংবা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। সাফি একটি পুরোনো ও পর্যটননির্ভর শহর হিসেবে পরিচিত।
প্রাদেশিক সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ভোর থেকে বৃষ্টি শুরু হলেও দুপুরের দিকে তা হঠাৎ প্রবল বর্ষণে রূপ নেয়। এক ঘণ্টার কিছু বেশি সময় ধরে চলা এই বর্ষণেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বিজ্ঞাপন
বন্যার কারণে সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে সাফি শহরজুড়ে ঘণ্টার পর ঘণ্টা তীব্র যানজট সৃষ্টি হয় এবং জনজীবন স্থবির হয়ে পড়ে। সন্ধ্যার দিকে পানি নামতে শুরু করলে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়।
উল্লেখ্য, মরু আবহাওয়ার দেশ মরক্কোর বিভিন্ন এলাকায় টানা প্রায় সাত বছর ধরে খরা চলছে। এর মধ্যেই সাফি প্রদেশে এমন আকস্মিক বন্যা পরিস্থিতি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
বিজ্ঞাপন
সাফি শহরের বাসিন্দা হামজা সৌদানি (৫০) এএফপিকে বলেন, আমি কখনও এই অঞ্চলে এত প্রবল বর্ষণ দেখিনি। আজকের দিনটি আমাদের ইতিহাসে একটি কালো দিন হয়ে থাকবে।
সূত্র: এএফপি








