জাপানের নির্বাচনে বিপুল ভোটে জয় পেল তাকাইচির নেতৃত্বাধীন দল

জাপানের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে প্রধানমন্ত্রী সানে তাকাইচির নেতৃত্বাধীন দল। দেশটির সংসদের নিম্নকক্ষে ভূমিধস বিজয়ের মাধ্যমে বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
বিজ্ঞাপন
সরকারি ফলাফল অনুযায়ী, রোববার অনুষ্ঠিত নির্বাচনে ৪৬৫ আসনের নিম্নকক্ষে এলডিপি পেয়েছে ৩১৬টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৩৩ আসনের তুলনায় এটি অনেক বেশি।
নির্বাচনে জয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী সানে তাকাইচি। তিনি বলেন, দায়িত্বশীল ও সক্রিয় আর্থিক নীতির ওপর গুরুত্ব দিয়েই তারা জনগণের আস্থা অর্জন করেছেন। তার ভাষ্য অনুযায়ী, আর্থিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় বিনিয়োগ অব্যাহত রাখা হবে।
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরে জাপানের রাজনীতিতে প্রভাবশালী এলডিপি গত সাত দশকের বেশিরভাগ সময়ই ক্ষমতায় রয়েছে। সাম্প্রতিক সময়ে তহবিল ব্যবস্থাপনা ও ধর্মীয় প্রতিষ্ঠান ঘিরে কিছু বিতর্কে দলটি চাপে থাকলেও রাজনৈতিক অবস্থান শক্ত করতে আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেন তাকাইচি।
নির্বাচনী প্রচারণায় করছাড় ও ভর্তুকির প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায় করেন তিনি। যদিও সমালোচকদের আশঙ্কা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জাপানের ধীরগতির অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে।
বিজ্ঞাপন
এদিকে টোকিওসহ বিভিন্ন শহরে সাম্প্রতিক রেকর্ড তুষারপাত জনজীবন ব্যাহত করলেও ভোটার উপস্থিতিতে বড় কোনো প্রভাব পড়েনি। তুষারের কারণে কিছু এলাকায় ভোটকেন্দ্র আগেভাগে বন্ধ হলেও তাকাইচির জনপ্রিয়তা ভোটারদের কেন্দ্রে যেতে উৎসাহিত করে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার কারণে তরুণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।








