ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

ফ্রান্সের কাছ থেকে মোট ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই ক্রয় পরিকল্পনার জন্য প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ দশমিক ২৫ লাখ কোটি রুপি। আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
এতে অংশ নিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতে আসবেন। তার সফরের আগেই রাফাল ক্রয়সংক্রান্ত প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, আগামী সপ্তাহে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবে সমরাস্ত্র ক্রয়সংক্রান্ত কর্তৃপক্ষ ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বিজ্ঞাপন
সূত্র অনুযায়ী, ক্রয় করা ১১৪টি রাফালের মধ্যে ১৮টি যুদ্ধবিমান প্রস্তুত অবস্থায় সরাসরি সরবরাহ করা হবে। বাকি বিমানগুলো ভারতের ভেতরেই তৈরি করা হবে, যেখানে দেশীয় প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে।
এই বহরের মধ্যে ৮৮টি এক আসনবিশিষ্ট এবং ২৬টি দুই আসনবিশিষ্ট যুদ্ধবিমান থাকবে। দুই আসনের বিমানগুলো মূলত প্রশিক্ষণ ও বিশেষ অপারেশনের কাজে ব্যবহৃত হবে।
রাফালকে বিশ্বের অন্যতম আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। উচ্চক্ষমতাসম্পন্ন এই মাল্টিরোল যুদ্ধবিমান ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ৩ হাজার ৭০০ কিলোমিটার গতিতে উড়তে পারে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় অভিযান চালাতে সক্ষম। একসঙ্গে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও ভারী অস্ত্র বহনে সক্ষম হওয়ায় বিমানটি যুদ্ধক্ষেত্রে বহুমুখী সুবিধা দেয়।
বিজ্ঞাপন
এর আগে ২০২০ সালের জুলাই থেকে ধাপে ধাপে ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হয়। এর মধ্যে আটটি ছিল দুই আসনবিশিষ্ট প্রশিক্ষণ বিমান।
এসব রাফালের কার্যকারিতা পর্যালোচনা করে ভারতীয় সামরিক বিশেষজ্ঞরা সন্তোষ প্রকাশ করেন। এর ধারাবাহিকতায় ২০২৫ সালে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নিরাপত্তাবিষয়ক মন্ত্রিগোষ্ঠী অতিরিক্ত রাফাল কেনা এবং যৌথ উদ্যোগে উৎপাদনের অনুমোদন দেয়। সেই সিদ্ধান্তেরই বাস্তবায়ন হিসেবে ভারতীয় বিমানবাহিনীর জন্য ১১৪টি রাফাল সংগ্রহের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।








