Logo

ইরানের নোবেল শান্তি পুরস্কারজয়ী মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:২৩
ইরানের নোবেল শান্তি পুরস্কারজয়ী মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

ইরানের নোবেল শান্তি পুরস্কারজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদিকে দেশটির একটি আদালত ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন। রোববার এই সিদ্ধান্তের কথা তার আইনজীবী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আইনজীবী মোস্তাফা নিলি জানান, নার্গিসকে “অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশ” করার অভিযোগে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তার ওপর দুই বছরের দেশত্যাগ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

মোস্তাফা নিলি আরও বলেন, প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে তাকে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং দুই বছরের জন্য ইরানের পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের খোসফ শহরে নির্বাসনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

৫৩ বছর বয়সী নার্গিস মোহাম্মাদি ২০২৩ সালে মানবাধিকার কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিলেন। গত ২৫ বছরে তিনি ইরানে মৃত্যুদণ্ডের ব্যবহার ও নারীদের বাধ্যতামূলক পোশাকবিধির বিরুদ্ধে সরব অবস্থানের কারণে একাধিকবার বিচারের মুখোমুখি হয়েছেন এবং কারাভোগও করেছেন।

গত এক দশকের বেশিরভাগ সময়ই তিনি কারাগারে কাটিয়েছেন। ২০১৫ সালের পর থেকে প্যারিসে বসবাসরত যমজ সন্তানদের সঙ্গে তার দেখা সম্ভব হয়নি।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD