বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরিতে আগুন, আহত দুই নাবিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে লোহিত সাগরে মোতায়েন করা বিশ্বের সবচেয়ে বড় মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই নাবিক আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ঘটনাটি নিশ্চিত করে সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, জাহাজটির লন্ড্রি বা কাপড় ইস্ত্রি করার অংশ থেকে আগুনের সূত্রপাত হয়।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডের সঙ্গে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কোনো সম্পর্ক নেই এবং এটি কোনো শত্রুপক্ষের হামলার ফলও নয়। আগুন লাগার পরপরই রণতরিটির নিজস্ব অগ্নিনির্বাপণ দল দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
বিবৃতিতে আরও বলা হয়েছে, অগ্নিকাণ্ডে জাহাজটির কাঠামোগত বা যান্ত্রিক বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। বিশেষ করে জাহাজের গুরুত্বপূর্ণ অংশ ‘প্রোপালশন প্ল্যান্ট’ বা ইঞ্জিন রুম সম্পূর্ণ অক্ষত রয়েছে।
মার্কিন সেনাবাহিনীর দাবি, এ ঘটনায় রণতরিটির চলাচল বা সামরিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। এটি এখনও লোহিত সাগরে নির্ধারিত দায়িত্ব পালনে সক্ষম রয়েছে।
বিজ্ঞাপন
আহত দুই নাবিককে জাহাজেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে সেন্টকম। উন্নত চিকিৎসার জন্য তাদের অন্য কোথাও নেওয়ার প্রয়োজন হয়নি।
উল্লেখ্য, পেন্টাগন সম্প্রতি মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করার অংশ হিসেবে ক্যারিবিয়ান অঞ্চল থেকে এই অত্যাধুনিক রণতরিটিকে যুদ্ধক্ষেত্রের কাছাকাছি এলাকায় মোতায়েন করে।








