যুক্তরাষ্ট্র ইউরোপকে বিভক্ত করার চেষ্টা করছে: ইইউ পররাষ্ট্র প্রধান

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র—এমন অভিযোগ তুলেছেন ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিমালা প্রধান কাজা কাল্লাস। তার মতে, ইউরোপীয় ইউনিয়ন শক্তিশালী থাকলে সদস্য দেশগুলো একসঙ্গে প্রভাবশালী থাকে, কিন্তু আলাদা হলে তাদের ক্ষমতা কমে যায়।
বিজ্ঞাপন
শুক্রবার (১৩ মার্চ) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ফাইন্যানশিয়াল টাইমসকে দেওয়া ওই সাক্ষাৎকারে কাল্লাস বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবেই ইউরোপকে বিভক্ত করতে চায় এবং তারা ইউরোপীয় ইউনিয়নকে পছন্দ করে না।
তিনি আরও বলেন, ওয়াশিংটনের এই কৌশল অনেকটা ইউরোপের প্রতিপক্ষদের ব্যবহৃত পদ্ধতির সঙ্গে মিল রয়েছে।
আরও পড়ুন: ওমানে ড্রোন হামলায় ২ প্রবাসী শ্রমিক নিহত
বিজ্ঞাপন
কাল্লাস স্বীকার করেন, ব্রাসেলস ও ওয়াশিংটনের সম্পর্ক বর্তমানে বেশ জটিল পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের নীতির প্রতিক্রিয়া কীভাবে দেওয়া হবে—এ নিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যেও মতপার্থক্য রয়েছে। তার মতে, সদস্য দেশগুলোর উচিত একসঙ্গে অবস্থান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নীতির মোকাবিলা করা।
তিনি বলেন, ইইউর সামনে দুটি পথ খোলা রয়েছে—একদিকে ট্রাম্প প্রশাসনের প্রতি মনোযোগ দেওয়া, অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নেওয়া।
ইইউ পররাষ্ট্র প্রধানের মতে, ইউরোপ যেসব পণ্য বা প্রযুক্তি নিজেরা উৎপাদন করতে পারে না, সেগুলো আমদানি করতে হবে। পাশাপাশি নিজস্ব প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ বাড়ানো জরুরি। ঝুঁকি কমাতে একক কোনো উৎস বা সিদ্ধান্তের ওপর নির্ভর না করে বিভিন্ন উৎসের ওপর নির্ভরতা তৈরি করার কথাও বলেন তিনি।
বিজ্ঞাপন
এদিকে গত ৫ ডিসেম্বর প্রকাশিত যুক্তরাষ্ট্রের হালনাগাদ জাতীয় নিরাপত্তা কৌশলে বলা হয়েছে, আগামী দুই দশকে ইউরোপ বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি হতে পারে এবং গুরুতর সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। ওই নথিতে ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে ইউরোপের জন্য যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য মিত্র হিসেবে থাকা প্রয়োজন।
সূত্র: তাস








