ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বিধ্বস্ত, ৪ সেনাসদস্য নিহত

ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে চারজন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বিজ্ঞাপন
সেন্টকম এক বিবৃতিতে জানায়, গত রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনার সময় বিমানে মোট ছয়জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে চারজন নিহত হয়েছেন এবং বাকি দুজনকে উদ্ধারে অভিযান চলছে।
প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, বিমানটি শত্রুপক্ষের হামলা কিংবা ভুলবশত নিজেদের বাহিনীর গুলিতে ভূপাতিত হয়নি। ধারণা করা হচ্ছে, উড্ডয়নের সময় আরেকটি জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমানের সঙ্গে সংঘর্ষের কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
বিজ্ঞাপন
বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল মার্কিন বিমানবাহিনীর কেসি–১৩৫ মডেলের একটি রিফুয়েলিং এয়ারক্রাফট, যা আকাশে উড়ন্ত যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হয়।
এ ঘটনায় জড়িত দ্বিতীয় ট্যাঙ্কার বিমানটি জরুরি সংকেত পাঠিয়ে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি আন্তর্জাতিক জরুরি সংকেত ‘৭৭০০’ পাঠিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে।
বিজ্ঞাপন
প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে, দ্বিতীয় বিমানটির পেছনের লেজের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে মার্কিন সামরিক কর্তৃপক্ষ উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল








