ইরানের নতুন সর্বোচ্চ নেতা কেমন আছেন, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে চলা জল্পনার বিষয়ে বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানিয়েছেন, মোজতবা খামেনি সুস্থ আছেন এবং দেশের পরিস্থিতির ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।
বিজ্ঞাপন
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-আরাবি আলজাদিদ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, খামেনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তার নির্দেশনা অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে। গত ৮ মার্চ দায়িত্ব নেওয়ার পর তাকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, এই বক্তব্যে তা অনেকটাই দূর হবে বলে ধারণা করা হচ্ছে।
গত ১২ মার্চ রাষ্ট্রীয় গণমাধ্যমে খামেনির একটি ভাষণ প্রচার করা হয়। তবে সেটি সরাসরি তার কণ্ঠে ছিল না; একজন উপস্থাপক ভাষণটি পড়ে শোনান। এরপর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থা ও উপস্থিতি নিয়ে নানা আলোচনা শুরু হয়।
বিজ্ঞাপন
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কৌশলগত কারণে তাকে এখনই জনসমক্ষে আনা হচ্ছে না। তবে প্রশাসনিক ও সামরিক সিদ্ধান্ত গ্রহণে তিনি সক্রিয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। স্থানীয় সময় শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মোজতবা খামেনি আদৌ জীবিত আছেন কি না তা নিয়ে তার সন্দেহ রয়েছে। তার মতে, এখন পর্যন্ত খামেনির উপস্থিতির কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
ট্রাম্প আরও বলেন, যদি খামেনি জীবিত থাকেন, তবে দেশের স্বার্থে তার উচিত একটি ‘বুদ্ধিমানের সিদ্ধান্ত’ নেওয়া, আর সেটি হলো আত্মসমর্পণ করা।
বিজ্ঞাপন
সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ইরান একটি ন্যায্য সমাধান চায় এবং অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে। তবে যুদ্ধ বন্ধের জন্য এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ সামনে আসেনি বলেও উল্লেখ করেন তিনি।








