ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে ড্রোন হামলার দাবি ইরানের

ইসরায়েলের গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের পুলিশ সদর দপ্তর এবং একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে শক্তিশালী ড্রোন হামলা চালানো হয়েছে। রবিবার সকালেই এই হামলা পরিচালিত হয়েছে বলে ইরান দাবি করেছে।
বিজ্ঞাপন
ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, সেনাবাহিনীর সদস্যরা রোববার সকালে ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর ‘লাহাভ ৪৩৩’এবং প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ‘জিলাত’ লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছেন।
তবে বিবৃতিতে হামলার শিকার স্থাপনাগুলোর সুনির্দিষ্ট অবস্থান বা হামলার ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফলে ঘটনাটির প্রকৃত পরিস্থিতি সম্পর্কে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ইরানের সামরিক বাহিনীর হামলায় ইসরায়েলে গত ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত হয়েছেন। রোববার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে গত ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
তবে ইসরায়েলিদের আহত হওয়ার সুনির্দিষ্ট কারণের বিষয়ে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়। তাদের মধ্যে অনেকে সরাসরি ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র কিংবা লেবানন থেকে আসা রকেটের আঘাতে আহত হয়েছেন। এছাড়া নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময়ও অনেকে হুড়োহুড়িতে আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ সকাল পর্যন্ত মোট ৩ হাজার ১৯৫ জন মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৮১ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
চলমান উত্তেজনার মধ্যে উভয় পক্ষের এমন দাবি–পাল্টা দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে বিশ্লেষকদের ধারণা। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এই সংঘাত আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
বিজ্ঞাপন








