Logo

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা পাকিস্তানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ, ২০২৬, ১৬:৫৬
আফগানিস্তানে নতুন করে বিমান হামলা পাকিস্তানের
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের ভূখণ্ডে সামরিক স্থাপনা ও সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর মতে, হামলায় নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে।

বিজ্ঞাপন

দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার মধ্যেই রোববার রাতে সীমান্তঘেঁষা আফগান এলাকায় হামলা চালানোর কথা জানায় পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, কান্দাহার প্রদেশে আফগান তালেবান ও সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত প্রযুক্তিগত সহায়তা অবকাঠামো এবং একটি সরঞ্জাম মজুত কেন্দ্র ধ্বংস করা হয়েছে।

পাকিস্তানের দাবি, পৃথক আরেক হামলায় কান্দাহারের একটি সুড়ঙ্গও ধ্বংস করা হয়েছে। ওই সুড়ঙ্গে আফগান তালেবান ও তাদের অনুসারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রযুক্তিগত সরঞ্জাম রাখা ছিল।

বিজ্ঞাপন

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের সমাধান না করা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে কান্দাহারের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রোববার রাতে তারা শহরের আকাশে যুদ্ধবিমান উড়তে দেখেছেন এবং বিস্ফোরণের শব্দ শুনেছেন। পাশাপাশি পাকিস্তান সীমান্তের কাছে আফগানিস্তানের স্পিন বালদাক ও খোস্ত প্রদেশেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

তবে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানের হামলায় কান্দাহারে একটি মাদক পুনর্বাসন কেন্দ্র ও একটি খালি কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে পাকিস্তানের তিনটি স্থানে আফগানিস্তান থেকে ড্রোন হামলার অভিযোগের পর উত্তেজনা আরও বেড়ে যায়। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি কাবুলকে সতর্ক করে বলেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে তারা ‘রেড লাইন’ অতিক্রম করেছে।

তবে পাকিস্তানের দাবি, ওই ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে। তাদের মতে, কান্দাহারের একটি কেন্দ্র থেকেই এসব ড্রোন পরিচালনা করা হচ্ছিল এবং সেটি সীমান্তপারের বিদ্রোহী কর্মকাণ্ডের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

বিজ্ঞাপন

গত কয়েক সপ্তাহে দুই দেশের হামলা-পাল্টা হামলায় অন্তত ৯৯ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে পাকিস্তানের ১৩ সেনা সদস্য ও একজন বেসামরিক নাগরিক এবং আফগানিস্তানের ১৩ সেনা সদস্য ও ৭২ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে আফগানিস্তানে ১৮৫ জন বেসামরিক মানুষ হতাহত হয়েছেন এবং প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানিয়েছে ভারত। তবে পাকিস্তান এই নিন্দা প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি বলেন, আফগান ভূখণ্ডে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে ভারত সমর্থন দিচ্ছে—এ তথ্য সবারই জানা।

সূত্র: আল জাজিরা, এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD