Logo

ইরান যুদ্ধ থেকে বৃহত্তম যুদ্ধজাহাজ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ, ২০২৬, ১৪:৩৯
ইরান যুদ্ধ থেকে বৃহত্তম যুদ্ধজাহাজ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক উত্তেজনার মধ্যে বড় ধরনের কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান অভিযানে মোতায়েন থাকা বিশ্বের সবচেয়ে বড় মার্কিন বিমানবাহী রণতরি ‘জেরাল্ড আর ফোর্ড’-কে অঞ্চল থেকে প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার রণতরিটি গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা বে নৌঘাঁটিতে ফিরে গেছে। এর আগে এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অংশ হিসেবে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছিল।

গত ফেব্রুয়ারিতে সৌদা বে থেকে জ্বালানি, খাবার ও গোলাবারুদ সরবরাহ নেওয়ার পর রণতরিটি পুনরায় অভিযানে অংশ নেয়। তবে পরবর্তীতে একাধিক সমস্যার কারণে জাহাজটির কার্যক্রমে জটিলতা তৈরি হয়।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১২ মার্চ রণতরিটির লন্ড্রি রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই নাবিক আহত হন এবং অন্তত ১০০টি শয্যা ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া মাঝসমুদ্রে জাহাজটির টয়লেট ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি দেখা দেয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যার ফলে নৌসেনাদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয়।

মার্কিন নৌবাহিনীর সূত্রে আরও জানা গেছে, এসব সমস্যার পাশাপাশি দীর্ঘ সময় যুদ্ধ পরিস্থিতিতে অবস্থানের কারণে ক্রুদের মধ্যে মানসিক চাপ ও মনোবলজনিত সমস্যাও দেখা দেয়, যা রণতরিটির পরিচালনায় প্রভাব ফেলে।

বিজ্ঞাপন

এর আগে ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে বড় পরিসরের বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই অভিযানে ‘জেরাল্ড আর ফোর্ড’-এর পাশাপাশি আরেকটি বিমানবাহী রণতরি ‘আব্রাহাম লিংকন’ অংশ নেয়। কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে গঠিত এয়ার উইংসহ দুটি রণতরিই সেই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশ্লেষকদের মতে, ‘জেরাল্ড আর ফোর্ড’ প্রত্যাহারের ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিতে সাময়িকভাবে একটি শূন্যতা তৈরি হতে পারে, যা ভবিষ্যৎ কৌশলগত ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD