ট্রাম্পের হামলা বন্ধের নির্দেশের পর ইরান-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা স্থগিতের নির্দেশ দেওয়ার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা।
বিজ্ঞাপন
বার্তাসংস্থা এএফপির তথ্য অনুযায়ী, সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-এর সঙ্গে আলাপচারিতায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
বিজ্ঞাপন
এ সময় সম্ভাব্য সমাধানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ, বিশেষ করে ইরানের বৈধ স্বার্থ বিবেচনায় নেওয়ার কথা উল্লেখ করেন লাভরভ।
তবে বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার বিষয়ে কিছু বলা হয়নি।
ফোনালাপের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র কার্যকর পথ হলো রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান। তার মতে, এ ধরনের উদ্যোগই অঞ্চলের তীব্র উত্তেজনা প্রশমনে সহায়ক হতে পারে।
বিজ্ঞাপন
মস্কোর পক্ষ থেকে জানানো হয়, এই ফোনালাপের উদ্যোগ নেয় ইরান।
রাশিয়া ইরানের ঘনিষ্ঠ মিত্র হলেও চলমান সংঘাতে এখন পর্যন্ত তেহরানকে সরাসরি সামরিক সহায়তা দেয়নি। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমালোচনা করে আসছে দেশটি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ইরানের বুশেহরে অবস্থিত দেশটির একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহায়তা করেছিল রাশিয়া। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার তথ্য অনুযায়ী, গত সপ্তাহে একটি প্রজেক্টাইলের আঘাতে স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে পেসকভ সতর্ক করে বলেন, পারমাণবিক স্থাপনায় হামলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এর পরিণতি মারাত্মক হতে পারে।








