Logo

জ্বালানি সংকটে অভ্যন্তরীণ ফ্লাইট কমাচ্ছে ভিয়েতনাম ও মিয়ানমার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ, ২০২৬, ১৬:২৯
জ্বালানি সংকটে অভ্যন্তরীণ ফ্লাইট কমাচ্ছে ভিয়েতনাম ও মিয়ানমার
ছবি: সংগৃহীত

জেট জ্বালানির সংকট ও বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে অভ্যন্তরীণ ফ্লাইট সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম ও মিয়ানমার। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিকে এ সংকটের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

ভিয়েতনামের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৫ মার্চ থেকে দেশটির জাতীয় বিমান সংস্থা প্রতি সপ্তাহে প্রায় দুই ডজন অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত করবে। পরে ১ এপ্রিল থেকে কিছু নির্দিষ্ট রুটে ফ্লাইট সম্পূর্ণভাবে সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এতে প্রতি সপ্তাহে মোট ২৩টি ফ্লাইট বাতিল হওয়ার কথা রয়েছে।

কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিমান জ্বালানি (জেট এ-১) সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে, যা দেশটির অভ্যন্তরীণ এয়ারলাইন্সগুলোকে জ্বালানি সংকটের ঝুঁকিতে ফেলেছে। তবে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ রুট ও আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক রুটে অতিরিক্ত জ্বালানি সারচার্জ আরোপের বিষয়েও ভাবছে ভিয়েতনামের এয়ারলাইন্সগুলো।

জ্বালানি সংকট মোকাবিলায় ভিয়েতনাম সম্প্রতি কাতার, কুয়েত, আলজেরিয়া ও জাপানসহ কয়েকটি দেশের সঙ্গে জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করেছে। পাশাপাশি রাশিয়ার সঙ্গে তেল ও গ্যাস উৎপাদন বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষর করেছে দেশটি।

অন্যদিকে মিয়ানমারের জাতীয় বিমান সংস্থা রোববার জানিয়েছে, ‘অপরিহার্য পরিস্থিতির’ কারণে তারা কিছু অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করছে। তবে এ সিদ্ধান্তের বিস্তারিত কারণ প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, জেট জ্বালানির দাম বৃদ্ধির কারণে তারা ফ্লাইট সক্ষমতা কমাচ্ছে। সংস্থাটি আশঙ্কা করছে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে জ্বালানির দাম আরও বাড়তে পারে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে বিমান চলাচল খাতে এর প্রভাব আরও বাড়তে পারে।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD