৪৫ দিনের যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র-ইরান: এক্সিওস

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আঞ্চলিক বিভিন্ন সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, গত এক মাসের বেশি সময় ধরে চলা সংঘাত কমাতে এই অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। এর আগে হরমুজ প্রণালি থেকে অবরোধ তুলে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে মার্চের শেষ দিকে ইরানকে ১০ দিনের সময়সীমা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মেয়াদ শেষ হচ্ছে সোমবার।
এদিকে রোববার আরও কঠোর অবস্থান নিয়ে ট্রাম্প ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। তিনি সতর্ক করেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান অবরোধ প্রত্যাহার না করলে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।
বিজ্ঞাপন
তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এই আল্টিমেটাম ইরান মেনে নেবে—এমন সম্ভাবনা কম। বরং ৪৫ দিনের প্রস্তাবিত যুদ্ধবিরতি উত্তেজনা কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
পরিকল্পনা অনুযায়ী, যুদ্ধবিরতিটি দুই ধাপে বাস্তবায়ন হতে পারে। প্রথম ধাপে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ৪৫ দিন একে অপরের ওপর হামলা থেকে বিরত থাকবে। একই সময়ে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে স্থায়ী সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু হবে।
সূত্রগুলো জানায়, এই প্রস্তাব নিয়ে আলোচনা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রোববার এক সাক্ষাৎকারে ট্রাম্পও স্বীকার করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গভীর আলোচনা’ চলছে এবং দ্রুতই এর ফল আসতে পারে।
বিজ্ঞাপন
তবে সতর্কবার্তাও দিয়েছেন তিনি। সমঝোতা না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: এক্সিওস








