যুদ্ধে ইরানে নিহত ৩ হাজারের বেশি

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইরানে প্রাণহানি তিন হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দেশটির ফরেনসিক বিভাগের প্রধানের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে সারা দেশে ব্যাপক প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে প্রায় ৪০ শতাংশের পরিচয় শনাক্ত করা গেছে এবং মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় সামরিক ও কৌশলগত স্থাপনার পাশাপাশি বেসামরিক অবকাঠামোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেশজুড়ে মানবিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
বিজ্ঞাপন
সরকারি সূত্রে জানা গেছে, পাকিস্তানের মধ্যস্থতায় ৭ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি এখনো অস্থিতিশীল। বিশেষ করে লেবাননে সাম্প্রতিক হামলার পর তেহরান ওই চুক্তি থেকে সরে আসার হুঁশিয়ারি দিয়েছে।
এদিকে যুদ্ধের কারণে ইরানের প্রায় ১৪৫ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎকেন্দ্র, হাসপাতাল ও যোগাযোগব্যবস্থায় হামলার ফলে বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
জাতিসংঘের মানবাধিকার সংস্থাও ইরান ও লেবাননে বেসামরিক হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে। একই সঙ্গে অজ্ঞাত মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষার কাজ জোরদার করেছে ইরানের ফরেনসিক বিভাগ।
সূত্র: রয়টার্স, তাসনিম নিউজ এজেন্সি








