মোসাদের নতুন প্রধান রোমান গফম্যান, নিয়োগ দিলেন নেতানিয়াহু

ইসরায়েলের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন নির্বাহী প্রধান হিসেবে মেজর জেনারেল রোমান গফম্যানকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার তার এই নিয়োগের অনুমোদন আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়।
বিজ্ঞাপন
মোসাদের বর্তমান নির্বাহী প্রধান ডেভিড বার্নিয়ারের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ জুন। এরপরই দায়িত্ব গ্রহণ করবেন রোমান গফম্যান। সংস্থাটির নির্বাহী প্রধানের মেয়াদ পাঁচ বছর।
বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত মোসাদ ইসরায়েলের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে নতুন প্রধান হিসেবে নিয়োগ পাওয়া গফম্যানের কোনো উল্লেখযোগ্য গোয়েন্দা অভিজ্ঞতা নেই বলে জানা গেছে। অতীতে তিনি সরাসরি কোনো গোয়েন্দা অভিযানে যুক্ত ছিলেন—এমন রেকর্ডও পাওয়া যায় না।
বিজ্ঞাপন
ইসরায়েলি সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত ডিসেম্বরেই তাকে সম্ভাব্য এই দায়িত্বের বিষয়ে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল।
১৯৭৬ সালে বেলারুশে জন্ম নেওয়া রোমান গফম্যান ১৪ বছর বয়সে পরিবারের সঙ্গে ইসরায়েলে অভিবাসন করেন। ১৯৯৫ সালে তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আর্মার্ড কোরে যোগ দিয়ে দীর্ঘ সামরিক ক্যারিয়ার গড়ে তোলেন।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজাভিত্তিক গোষ্ঠীর হামলার সময় তিনি আইডিএফের একটি প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার ছিলেন। ওই সময় তিনি হামাসের সঙ্গে সংঘর্ষে অংশ নেন এবং গুরুতর আহত হন।
বিজ্ঞাপন
পরবর্তীতে সুস্থ হয়ে ২০২৪ সালে তিনি নেতানিয়াহুর দপ্তরে সহকারী হিসেবে যোগ দেন। পরে প্রধানমন্ত্রী কার্যালয়ে সামরিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। মোসাদের প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ওই পদেই ছিলেন।
সূত্র: এএফপি, এনডিটিভি








