Logo

ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধ হুমকি ‘অত্যন্ত হাস্যকর’: ইরানি নৌবাহিনী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল, ২০২৬, ১৩:১৭
ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধ হুমকি ‘অত্যন্ত হাস্যকর’: ইরানি নৌবাহিনী
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর ও বিদ্রুপাত্মক’ বলে মন্তব্য করেছেন ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ওই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর সব গতিবিধি কঠোরভাবে নজরদারিতে রাখা হচ্ছে।

বিজ্ঞাপন

ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের নৌবাহিনীর সদস্যরা এ অঞ্চলে আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীর সব ধরনের চলাচল পর্যবেক্ষণ করছে।’

তিনি আরও বলেন, অতীতের সংঘাত ও সামরিক পরাজয়ের পর যুক্তরাষ্ট্রের এমন হুমকি বাস্তবতার সঙ্গে সংগতিহীন এবং তা হাস্যকর বলে মনে হচ্ছে।

বিজ্ঞাপন

রোববার (১৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি মার্কিন নৌবাহিনীকে হরমুজ প্রণালিতে অবরোধ আরোপের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। এই প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ, যার মাধ্যমে বৈশ্বিক তেলের বড় একটি অংশ পরিবাহিত হয়।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালির কৌশলগত বাস্তবতা আর আগের অবস্থায় থাকবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য।

সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি ও ইরান নিয়ে উত্তেজনাকর বক্তব্য আরও বাড়ে বলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো জাহাজ যদি ইরানকে টোল প্রদান করে, তবে আন্তর্জাতিক জলসীমায় সেটিকে আটকে দেওয়া হবে।

সূত্র জানায়, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান আগেই কিছু সীমাবদ্ধতা আরোপ করেছিল এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাহাজ চলাচল নিয়ে কঠোর অবস্থান নিয়েছে।

বিজ্ঞাপন

ইরানি পার্লামেন্টে এ সংক্রান্ত একটি খসড়া আইন নিয়েও আলোচনা চলছে, যেখানে কিছু দেশের জাহাজের ওপর ট্রানজিট ফি বা নিষেধাজ্ঞার বিষয় থাকতে পারে।

সূত্র: প্রেস টিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD