Logo

হজকে ঘিরে কঠোর অবস্থানে সৌদি আরব, নতুন বিধিনিষেধ জারি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল, ২০২৬, ১৪:১৬
হজকে ঘিরে কঠোর অবস্থানে সৌদি আরব, নতুন বিধিনিষেধ জারি
ফাইল ছবি

পবিত্র হজ মৌসুম সামনে রেখে নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ও সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য হজ পালনের একমাত্র বৈধ উপায় হলো নির্ধারিত হজ ভিসা গ্রহণ করা। অন্য কোনো ভিসায় হজ আদায়ের চেষ্টা করলে তা আইনত অপরাধ হিসেবে গণ্য হবে।

বিজ্ঞাপন

রবিবার (১২ এপ্রিল) জারি করা এ নির্দেশনায় বলা হয়, হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এবার আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সোমবার (১৩ এপ্রিল) থেকে মক্কা নগরীতে প্রবেশের ওপর বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, অনুমোদিত পারমিট ছাড়া কেউ মক্কায় প্রবেশ করতে পারবেন না। তবে যেসব ব্যক্তি মক্কার বৈধ বাসিন্দা, পবিত্র স্থানগুলোতে দায়িত্ব পালন করছেন অথবা যাদের কাছে বৈধ হজ পারমিট রয়েছে—তারা এই বিধিনিষেধের বাইরে থাকবেন। আবাসিক কর্মীদের জন্য ‘আবশির’ ও ‘মুকিম’ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পারমিট নেওয়ার ব্যবস্থা চালু রয়েছে।

বিজ্ঞাপন

ওমরাহ পালনকারীদের ক্ষেত্রেও সময়সীমা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। জানানো হয়েছে, ওমরাহ ভিসায় সৌদি আরবে অবস্থানরতদের অবশ্যই ১৮ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। একইসঙ্গে ১৮ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন কোনো ওমরাহ পারমিট ইস্যু করা হবে না।

চলতি বছর হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ২৫ মে থেকে ৩০ মে-র মধ্যে।

বিজ্ঞাপন

এই সময়কে কেন্দ্র করে সৌদি প্রশাসন জানিয়েছে, হজযাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। হজ ভিসা ছাড়া কেউ মক্কায় প্রবেশ বা অবস্থান করলে জরিমানা ও শাস্তির মুখোমুখি হতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD