Logo

স্কারবরো শোলে চীনের বাধা, উত্তেজনা বাড়ছে দক্ষিণ চীন সাগরে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল, ২০২৬, ১৬:০৬
স্কারবরো শোলে চীনের বাধা, উত্তেজনা বাড়ছে দক্ষিণ চীন সাগরে
ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্কারবরো শোলের প্রবেশমুখে চীন জাহাজ ও ভাসমান বাধা বসিয়ে নিয়ন্ত্রণ আরও শক্ত করছে বলে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে। বিষয়টি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ওই অঞ্চলে।

বিজ্ঞাপন

বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা যায়, শোলের প্রবেশপথে চীনের মাছধরা নৌকা, কোস্টগার্ড ও নৌবাহিনীর একাধিক জাহাজ অবস্থান করছে। পাশাপাশি একটি দীর্ঘ ভাসমান বাধাও স্থাপন করা হয়েছে, যা প্রবেশপথ আংশিকভাবে বন্ধ করে দিয়েছে।

এই পদক্ষেপ এমন সময়ে নেওয়া হয়েছে, যখন ফিলিপাইন তাদের জেলেদের নিরাপত্তা দিতে কোস্টগার্ড ও মৎস্যজাহাজ মোতায়েন করছে। অভিযোগ রয়েছে, চীনের বড় জাহাজের কারণে ফিলিপাইনের জেলেরা প্রায়ই ওই এলাকা ছেড়ে যেতে বাধ্য হন।

বিজ্ঞাপন

স্কারবরো শোল এশিয়ার অন্যতম সংবেদনশীল সামুদ্রিক অঞ্চল হিসেবে পরিচিত। অঞ্চলটি নিয়ে দীর্ঘদিন ধরে চীন ও ফিলিপাইনের মধ্যে বিরোধ চলছে। ফিলিপাইন এই এলাকাকে তাদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল (EEZ)-এর অংশ হিসেবে দাবি করলেও চীন এটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে।

চীন ২০১২ সাল থেকে কার্যত এই শোলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

ফিলিপাইনের কোস্টগার্ড জানিয়েছে, চীন প্রায় ৩৫২ মিটার দীর্ঘ একটি ভাসমান ব্যারিয়ার স্থাপন করেছে এবং একাধিক নৌযান দিয়ে প্রবেশপথ আংশিকভাবে আটকে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

২০১৬ সালে স্থায়ী সালিশি আদালত (Permanent Court of Arbitration) এক রায়ে জানায়, স্কারবরো শোলে চীনের অবরোধ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তবে ওই রায়ে অঞ্চলটির সার্বভৌমত্ব কার—তা নির্ধারণ করা হয়নি।

এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের যৌথ সামরিক মহড়া এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়েছে বলে বিশ্লেষকদের মত।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের ব্যস্ততার সুযোগে চীন দক্ষিণ চীন সাগরে তার অবস্থান আরও শক্ত করতে পারে।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD