ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা ব্যর্থ হবে: মাসুদ পেজেশকিয়ান

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার যেকোনো প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন উদ্যোগ ইরানের জনগণ কোনোভাবেই মেনে নেবে না।
বিজ্ঞাপন
বুধবার তেহরানে জরুরি পরিষেবা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। পেজেশকিয়ান আরও জানান, ইরান কখনোই যুদ্ধ বা অস্থিতিশীলতার পথে যেতে চায় না; বরং দেশটি সবসময়ই গঠনমূলক সংলাপ ও আলোচনার পক্ষে অবস্থান নিয়েছে।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এমন এক সময় এসব কথা বলেছেন যার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, চলতি সপ্তাহেই পুনরায় শান্তি আলোচনা শুরু হতে পারে। তবে তেহরান এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি।
বিজ্ঞাপন
এদিকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ট্রাম্প জানিয়েছেন, অবরোধ অব্যাহত রেখেই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের সঙ্গে আবারও আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধের প্রথম দিনটি পাল্টাপাল্টি দাবি ও সন্দেহের মধ্য দিয়ে অতিক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের কঠোর অবস্থানের কারণে ওই পথে কোনো জাহাজ চলাচল করতে পারেনি।
বিজ্ঞাপন
যদিও বিবিসির অনুসন্ধানী তথ্যে দেখা গেছে ভিন্ন চিত্র। স্যাটেলাইটের ডাটা অনুযায়ী, অবরোধের মধ্যেই অন্তত চারটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
এই পরিস্থিতিকে মার্কিন অবরোধের কার্যকারিতার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র অবশ্য সাফ জানিয়ে দিয়েছে, ইরানের তেল রপ্তানিতে দেওয়া ছাড় আর বাড়াবেনা তারা।








