ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপ আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। দেশটির উচ্চপর্যায়ের দুটি সূত্রের বরাত দিয়ে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এবং ভারতের পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
পাকিস্তানের এক সূত্র জানায়, গত মঙ্গলবার থেকেই এই সংলাপকে সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর ও নিশ্ছিদ্র করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো জোর দিচ্ছে, যাতে কোনো ধরনের ঝুঁকি ছাড়াই বৈঠকটি সম্পন্ন করা যায়।
সূত্রটি আরও উল্লেখ করে, পাকিস্তানের সেনাবাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাম্প্রতিক তেহরান সফরও এই কূটনৈতিক প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। ওই সফরে ইরানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যা সম্ভাব্য সংলাপের পরিবেশ তৈরিতে সহায়ক হতে পারে।
বিজ্ঞাপন
ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হয়, যা টানা ৪০ দিন চলার পর ৮ এপ্রিল উভয় পক্ষ ১৪ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।
যুদ্ধবিরতির তৃতীয় দিনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রথম দফা সংলাপে বসেন দুই দেশের প্রতিনিধিরা। দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনা চললেও তখন কোনো স্থায়ী চুক্তি স্বাক্ষরিত হয়নি। তবে উভয় পক্ষই আলোচনার পথ খোলা রাখার বিষয়ে সম্মত হয়।
বিজ্ঞাপন
প্রথম দফা আলোচনা ফলপ্রসূ না হওয়ায় পরবর্তী ধাপের সংলাপ আয়োজন নিয়ে নতুন করে উদ্যোগ নেওয়া হয়। যুক্তরাষ্ট্র ও ইরান—দুই দেশই দ্বিতীয় দফায় আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে এবং সেই বৈঠকের স্থান হিসেবে ইসলামাবাদকে গ্রহণযোগ্য বলেও জানিয়েছে।
এ প্রেক্ষাপটে পাকিস্তান এখন কূটনৈতিক ও নিরাপত্তা—দুই দিক থেকেই পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্ট মহলের আশা, এই সংলাপ সফল হলে চলমান উত্তেজনা কমে আসবে এবং একটি স্থায়ী সমাধানের পথ তৈরি হতে পারে।
সূত্র : আনাদোলু এজেন্সি, পিটিআই
বিজ্ঞাপন








