হরমুজ প্রণালিতে ফের অবরোধ জারি করল ইরান

বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। দেশটির ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে দেওয়া সেই বিবৃতিতে যৌথ সামরিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, “হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। পুরো প্রণালির ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে থাকবে, আগের মতোই।”
গতকাল শুক্রবার ইসরায়েল এবং লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তির পর বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান।
বিজ্ঞাপন
পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছিলেন, লেবাননে যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। তবে নিরাপত্তার স্বার্থে জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ নির্ধারিত সমন্বিত রুট বা পথ অনুসরণ করতে হবে।
তবে ওই ঘোষণার পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, ইরান হরমুজ প্রণালি খুললেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ বহাল থাকবে। তিনি লেখেন, “হরমুজ প্রণালি এখন ব্যবসা ও জাহাজ চলাচলের জন্য প্রস্তুত। তবে ইরানের সঙ্গে সব লেনদেন ও চুক্তি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মার্কিন নৌ-অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে।”
বিজ্ঞাপন
এরপরই ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দরে অবরোধ অব্যাহত রাখে, তাহলে হরমুজ প্রণালি দীর্ঘ সময় খোলা থাকবে না। তিনি আরও জানান, প্রণালিতে জাহাজ চলাচল নির্ধারিত রুটে এবং ইরানের অনুমোদন অনুযায়ী পরিচালিত হবে।
ঘালিবাফের ওই মন্তব্যের কয়েক ঘণ্টা পরই হরমুজ প্রণালিতে ফের অবরোধ জারি করে ইরানের প্রতিরক্ষা বাহিনী, ফলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথকে ঘিরে।
সূত্র : এপি
বিজ্ঞাপন








